
আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অ্যালায়েন্স (ন্যাটো)-এর মহাসচিব মার্ক রুটে বলেছেন, রাশিয়া ও চীনের ‘নিবিড় বন্ধুত্ব’ শিগগিরই পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে। সোমবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আশঙ্কা জানিয়েছেন তিনি।
নিউইয়র্ক টাইমসকে মার্ক রুটে বলেন, “বর্তমানে ইউক্রেনে যা ঘটছে, অদূর ভবিষ্যতে খুব সম্ভবত তাইওয়ানেও এমন ঘটবে। চীন এবং রাশিয়ার মধ্যে নিবিড় বন্ধুত্ব আছে এবং পশ্চিম যদি এই ব্যাপারটি বুঝতে ব্যর্থ হয়, তাহলে অচিরেই আমরা সম্ভাব্য ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবো, অর্থাৎ একটা বৈশ্বিক যুদ্ধ বেঁধে যেতে পারে এবং গত শতকের দুই বিশ্বযুদ্ধের তুলনায় সম্ভাব্য সেই যুদ্ধে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির হার হবে অনেক বেশি।”
চলতি বছর ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো। এ বিষয়ক প্রস্তুতির মধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা ব্যক্ত করলেন রুটে।