
পঞ্চগড় প্রতিনিধি:
‘তথ্যের অধিকার আমার সাংবিধানিক অধিকার’—এই শ্লোগানে পঞ্চগড়ে অনুষ্ঠিত হলো তথ্য অধিকার আইনবিষয়ক সচেতনতামূলক রোড শো। তথ্য অধিকার আইন সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা বাড়াতে ও স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করতে ‘তথ্য অধিকার আইন সংক্রান্ত স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারকরণ প্রকল্প’-এর আওতায় রোড শোটি আয়োজন করে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)।
সোমবার সকালে জেলা শহরের জালাশী মোড় থেকে রোড শো শুরু হয়ে টুনিরহাট, কালিয়াগঞ্জ, ভাইলাগঞ্জ, দেবীগঞ্জ, সাকোয়া, বোদা হয়ে ময়দানদিঘী বাজারে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে হাট-বাজারে মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ জনগণকে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতন করা হয়।
রোড শো-তে অংশ নেন প্রকল্পের বিভাগীয় সমন্বয়কারী মতিউর রহমান, জেলা সমন্বয়কারী কায়সার আলী, দুই উপজেলার আরটিআই গ্রুপের সভাপতি ও সদস্যবৃন্দ।
আয়োজকরা জানান, তথ্য জানার অধিকার নিশ্চিত হলে নাগরিকদের ক্ষমতায়ন যেমন বাড়বে, তেমনি গণতন্ত্র ও প্রশাসনিক স্বচ্ছতাও নিশ্চিত হবে।