রাত ৮:৫০ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজিটাল নিরাপত্তা আইনের বাতিল ও প্রথম আলোর সাংবাদিক সহ সকল সাংবাদিকদের মুক্তির দাবীতে মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের মানববন্ধন

 

নিউজ ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং প্রথম আলো পত্রিকার সাংবাদিক শামসুজ্জামান শামসসহ ডিজিটাল নিরাপত্তা আইনে আটক সকল সাংবাদিকের মুক্তির দাবিতে মানিকগঞ্জে মানবন্ধন করেছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা। আজ (শুক্রবার-৩১ মার্চ) বেলা ১১ টার দিকে মানিকগঞ্জ জেলা শহরের শহীদ রফিক সড়কে এই মানবন্ধন কর্মসূচির আয়োজন করে মানিকগঞ্জ প্রেসক্লাব।

মানববন্ধনে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সহ-সভাপতি গাজী ওয়াজেদ আলম লাবু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলাদেশ সাংবাদিক সমিতি জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাবেক সভাপতি মতিউর রহমান, নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি শাহানুর ইসলাম, যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার বিএম খোরশেদ, ডিবিসি নিউজের প্রতিনিধি আশরাফুল আলম লিটন, হরিরামপুর উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম।

ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন দ্বারা বারবার সাংবাদিকদের নামে মামলা করে হয়রানি করা হচ্ছে। গণমাধ্যমকর্মীদের কণ্ঠ রোধের চেষ্টা করা হচ্ছে। এই আইনের কিছু কিছু বিতর্কিত ধারার রয়েছে, যে ধারাগুলোর মাধ্যমে সাংবাদিকদের নামে মামলা করা করে তাদের জেলে ভরা হচ্ছে। সম্প্রতি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসসহ অনেক সাংবাদিকের নামে এই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। অনেককে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

সাংবাদিক নেতারা আরও বলেন, সাংবাদিকরা যা দেখে তাই লেখে, সাংবাদিকরা কখনও নিজের মতামত প্রকাশ করে না।প্রথম আলোর যে ছবি ভুল করে ছাপিয়েছিল, তার সংশোধনও তারা করেছে। ‍সবচেয়ে ভয়াভয় বিষয় হলো একজন সাংবাদিককে মধ্যরাতে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। অথচ কেউ জানেন না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। গণমাধ্যম ও সাংবাদিকদের বাক স্বাধীনতা নিশ্চিত করা এবং দ্রুত সময়ের মধ্যে এই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সাংবাদকি শামসুজ্জামান শামসসহ সকল আটক সাংবাদিকের মুক্তির দাবী করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *