রাত ৮:৫০ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পার্টি নির্বাচনে থাকা নিয়ে আশঙ্কা আছে : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার আরেকটি চমৎকার সুযোগ আমাদের সামনে এসেছে। সংকটকে সম্ভাবনায় রূপ দেয়ার এই কঠিন লড়াইয়ে কাণ্ডারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান সংকট পেরিয়ে যেতে যে দিকনির্দেশনা তিনি দিয়েছেন, সেটিকে অক্ষরে অক্ষরে মেনে এগিয়ে যেতে হবে। এর কোনো রকম ব্যত্যয় ঘটানো যাবে না।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে দলের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট দপ্তর বিষয়ক উপ-কমিটির মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, খুব চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছি আমরা। নির্বাচন ভণ্ডুল করার জন্য বিএনপি ষড়যন্ত্র-সন্ত্রাস করছে। এখানে বিদেশিদের কারও কারও সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। তারা আধিপত্য বিস্তার করতে চায়। তাদের ভূ-রাজনৈতিক স্বার্থ রয়েছে। এখানে এয়ারবেস করার পরিকল্পনাও আছে।

তিনি বলেন, রাজনীতিবিদ শুধু নির্বাচন নিয়ে ভাবে। এতে সম্মানের সঙ্গে জেতা চ্যালেঞ্জ। এটি অতিক্রম করতে হবে। এবার বিএনপি অংশ না নেয়ায় গোটা দুনিয়ার যে প্রতিক্রিয়া, তা কাটাতে অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ করতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি একেবারে নগণ্য জানিয়ে মন্ত্রী বলেন, এভাবে চললে হবে না। কারণ, প্রতিপক্ষের উপস্থিতি সেখানে অত্যন্ত আক্রমণাত্মক। ফলে আমাদের ঢিমেতালে চলার সুযোগ নেই। এই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে।

ওবায়দুল কাদের বলেন, কোনও নীলনকশার নির্বাচন হবে না। জনগণ তাদের ম্যান্ডেট দেবে। এখনও বিরোধী দলীয় পার্লামেন্ট ভেঙে দেয়া হয়নি, সুপ্ত আছে। সেই হিসেবে সংসদীয় দলের নেতা রওশন এরশাদ। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তাদের দলের অভ্যন্তরীণ কথা বলেছেন। শুধু একটি কথাতেই জাতীয় পার্টির (জাপা) সঙ্গে সম্পর্কের টানাপোড়েন আসবে- এমনটি নয়। দল হিসেবে জাপার সঙ্গে এলায়েন্স হবে না- এটা এখনও প্রধানমন্ত্রী বলেননি।
তিনি বলেন, নেত্রী কোনও নির্দেশনা দিলে সেটি আমরা পালন করি। জাতীয় পার্টির নির্বাচনে থাকা না থাকা নিয়ে আওয়ামী লীগ এবং জনমনে আশঙ্কা আছে। তবে সেটি এখনই নিশ্চিত বলা সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *