রাত ৮:০৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ চায় নির্বাচনে বিএনপির মত বড় রাজনৈতিক দল অংশ নিক: ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জাতিসংঘ চায় নির্বাচনে বিএনপির মত বড় রাজনৈতিক দল অংশ নিক। নির্বাচনে আসতে তাদের (বিএনপিকে) কেন জোরাজুরি করবো? রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশ নেয়া তাদের অধিকার।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে গুলশানে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করে এ কথা জানান ওবায়দুল কাদের।

বৈঠকের বরাত দিয়ে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় জাতিসংঘ। আর আওয়ামী লীগও চায় প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। নির্বাচন যত প্রতিযোগিতামূলক হবে দেশ-বিদেশে তত গ্রহণযোগ্য হবে।

তিনি বলেন, আওয়ামী লীগও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। একই সঙ্গে সে নির্বাচনে বিএনপির মত বড় রাজনৈতিক দল অংশ নিক, সেটাও চায়।
বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, বিরোধীদল প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ বিলুপ্তি ও তত্ত্বাবধায়ক সরকারের যে দাবিতে জোর দিচ্ছে সেসব বিষয়ে তাদের (জাতিসংঘের) কোনো বক্তব্য নেই, কোনো মাথাব্যথাও নেই। তারা বলেছে, এগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।
ওবায়দুল কাদেরের নেতৃত্বে বৈঠকে আরও অংশ নেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এবং কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *