বিকাল ৫:৩৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মদিনে বিশেষজনের সঙ্গে মালদ্বীপে নিপুণ

 

বিনোদন  প্রতিবেদক : জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ঢাকার চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল নিপুণ পেশাগত এবং ব্যবসায়িক ব্যস্ততার মাঝেও দারুনভাবে চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব। আজ ৯ জুন নিপুণের জন্মদিন। নিজের জন্মদিন প্রতিবছর দেশে পালন করলেও নিপুণ এবার অপূর্ব নৈসর্গিক দ্বীপরাষ্ট্র মালদ্বীপে জন্মদিন পালন করছেন। শুধু তাই নয়, তার সঙ্গে রয়েছে বিশেষ একজন। মালদ্বীপের সিয়াম ওয়ার্ল্ড দ্বীপ থেকে নিপুণ এই প্রতিবেদককে জানান, তার সেই বিশেষজন এবারের জন্মদিনে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্যে আমেরিকা থেকে দেশে এসে তাকে নিয়ে মালদ্বীপ গেছেন প্রিয় মানুষের জন্মদিন পালন করতে। আর মালদ্বীপ ভ্রমণের অর্ধেক খরচও দিচ্ছেন নিপুণের এই বিশেষজন।

নিপুণ মেসেঞ্জার এ জানান, তার বিশেষজন আর কেউই নয়, সে তার আত্মজা তানিশা। নিপুণের একমাত্র মেয়ে তানিশা আমেরিকার লস এঞ্জেলসের ইউসিএলএ ইউনিভার্সিটিতে সাইকোলজি বিষয়ে পড়াশোনা করছে। মে মাসে সে সামার ভ্যাকেশনে বাংলাদেশে এসেছে মায়ের সঙ্গে কাটাতে। নিপুণ বলেন, দেশে এসেই তানিশা বলে, আম্মু তোমার জন্মদিন এবার মালদ্বীপে করবো। শুধু তাই নয়, ট্যুরের অর্ধেক খরচও আমি দেবো। মূলত ওই আমাকে সারপ্রাইজ বার্থ ডে গিফট হিসেবে মালদ্বীপ নিয়ে এলো। আমরা দুজনে ৭ জুন এখানে এসেছি, ফিরবো ১১ জুন। আমরা মা – মেয়ে দারুন উপভোগ করছি অনেক সুন্দর সিয়াম ওয়ার্ল্ড দ্বীপে।

নিপুণ জানান, মালদ্বীপ ভ্রমণের ড্রেস, জুতাও কিনে দিয়েছে তানিশা। জন্মদিনের সকালে ফ্লোটিং ব্রেকফাস্ট বিল দিয়েছে তানিশা। সন্ধ্যায় সে মায়ের জন্মদিনের স্পেশাল কেকটি মাকে নিয়ে কাটবে। এই প্রসঙ্গে নিপুণ বলেন, নিজের মেয়ের কাছ থেকে জন্মদিনে এতোটা ভালোবাসা পেয়ে মা হিসেবে সত্যিই আমি আপ্লুত। এটা অন্য রকমের এক ভালোবাসা।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ রাশিয়ার মস্কো ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনার পর বেশ কয়েক বছর আমেরিকায় ছিলেন। সেখান থেকে দেশে ফিরে তিনি চলচ্চিত্রের নায়িকা হন। তার বড় বোন পলিন ইংল্যান্ড প্রবাসী ডাক্তার ও কণ্ঠশিল্পী। অভিনয় ও মডেলিংয়ের বাইরে নিপুণ টিউলিপ নেইলস অ্যান্ড স্পা নামের একটি বিউটি পার্লারের কর্ণধার। বর্তমানে তিনি ব্যবসা, অভিনয়, মডেলিং এবং শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *