
বিনোদন প্রতিবেদক : ক্ষমতার পট পরিবর্তনের পর দেশের সকল বিমানবন্দর বেশ কড়া ও সতর্ক অবস্থানে রয়েছে। কারণ, ইতিমধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে গেছেন বড় বড় ‘রুই – কাতলা’। কেউ সেনাবাহিনীর হাতে সোপর্দ হয়েছেন, কেউবা ফিরে গেছেন বাসায়। চিত্রনায়িকা মাহিয়া মাহিও চলতি সপ্তাহে গিয়েছিলেন এয়ারপোর্টে।
একটি গণমাধ্যমের খবর অনুযায়ী, দেড় ঘণ্টা অপেক্ষায় রেখে বিশেষ খোঁজ চলেছে মাহির নথিপত্রে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে তার নাম আছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে বলে জানা যায়। এই বিষয়টি জানিয়েছেন মাহিয়া মাহি। তিনি বলেন, ওখানে এক থেকে দেড় ঘণ্টা হবে, আমি জাস্ট বসেছিলাম। কারণ কর্তৃপক্ষ নিশ্চিত হতে চাইছিলেন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ভালোভাবে চেক করার পরই ফ্লাই করতে পেরেছি।
জানা গেছে, মাহি একদিনের জন্য দেশের বাইরে গিয়েছিলেন। এরপর আবারও ঢাকায় ফিরে এসেছেন তিনি।
প্রসঙ্গত, অভিনেত্রী পরিচয়ের বাইরে মাহি রাজনীতিতে বেশ সক্রিয় ছিলেন। এই নায়িকা গেলো দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। তবে ওই নির্বাচনে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। বিশাল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন মাহি।