বিকাল ৩:৪৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক :

গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনার জন্য মিশরে অবস্থানরত হামাস ও ইসরায়েলি প্রতিনিধিদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘হামাসের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। সমগ্র আরব বিশ্ব, মুসলিম দেশগুলো ও অন্যান্যরা গাজায় যুদ্ধ বন্ধে এবং জিম্মিদের মুক্তির বিষয়ে একমত হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে বহুল প্রত্যাশিত শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় ইতিবাচক সবাই।’

পোস্টে ট্রাম্প আরও লিখেছেন, ‘এসব আলোচনা সফল হয়েছে এবং দ্রুত এগোচ্ছে। চূড়ান্ত বিষয়গুলো নির্ধারণের জন্য আলোচকেরা সোমবার আবার মিশরে বসবেন। প্রথম ধাপের আলোচনা এই সপ্তাহেই শেষ হবে বলে জেনেছি। আমি সবাইকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

এদিকে মিশরে আজ আলোচনায় হামাস ও ইসরায়েলের পরোক্ষভাবে আলোচনা হতে পারে। এর মধ্যেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সবশেষ অন্তত ২৪ ফিলিস্তিনি নিহতের খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। নিহতদের মধ্যে ত্রাণপ্রত্যাশী অনেকে রয়েছেন।

আগামীকাল গাজায় ইসরায়েলি আগ্রাসনের দুই বছর পূর্ণ হতে চলেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে টানা হামলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *