
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক ব্যবসায়ীর গোডাউন থেকে টিসিবির ৭৭৯ কেজি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় গোডাউন মালিকের নামে মামলা এবং এক ডিলারকে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকালে উপজেলার রামখানা ইউনিয়ন থেকে এসব চাল জব্দ করা হয় বলে জানিয়েছেন নাগেশ্বরী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ।
গোডাউন মালিক রফিকুল ইসলাম রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা খলাইটারী এলাকার আবুল হোসেনের ছেলে। দণ্ড পাওয়া ডিলারের নাম শরিফুর রহমান।
সহকারী কমিশনার (ভূমি) আশিক বলেন, ইউনিয়ন পরিষদ থেকে ফ্যামিলি কার্ডের তেল, ডাল ও চাল পাইকারদের কাছে বিক্রি করা হচ্ছে, এমন খবর পেয়ে বিকালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ইউনিয়ন পরিষদের পাশে রফিকুলের গোডাউন থেকে ৭৭৯ কেজি চাল জব্দ করা হয়।
জব্দ করা টিসিবির চাল রামখানা ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিনের হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় টিসিবি ডিলার শরিফুরকে জিজ্ঞাসাবাদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডাকা হয়। পরে তাকে এক হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া গোডাউন মালিক রফিকুলের নামে নিয়মিত মামলা করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের খবর পেয়ে ওই গোডাউন থেকে তেল ও ডাল সরিয়ে ফেলেন রফিকুল। দীর্ঘদিন ধরে স্থানীয় এক ডিলার জনপ্রতিনিধিদের সঙ্গে যোগসাজশ করে টিসিবির পণ্য বিক্রি করে আসছেন।
এ বিষয়ে ডিলার শরিফুর বলেন, “কোথায় কী হয়েছে আমি জানি না। কে কোথায় কীভাবে পণ্য বিক্রি করেছে আমি কিছুই জানি না।”
তবে মাস্টাররোল ছাড়া টিসিবির পণ্য বিতরণ সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান জালাল কোনো মন্তব্য করতে রাজি হননি।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ বলেন, ডিলারকে জিজ্ঞাসাবাদ করার সময় তথ্যে গরমিল পাওয়া গেলে তাকে জরিমানা করা হয়। এ ছাড়া তার লাইসেন্স বাতিল করা হবে।