
ডেস্ক রিপোর্ট :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র চিঠি পৌঁছে দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে ওবায়দুল কাদেরকে এ চিঠি পৌঁছে দেন তিনি।
এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করতে তার দপ্তরে যান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, এখন সংলাপের সুযোগ নেই। জাতীয় পার্টির কেউ যদি আওয়ামী লীগের সঙ্গে থাকতে না চায়, এটা তাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপার। আমরা তো জোর করে কাউকে আমাদের সঙ্গে টেনে আনছি না। এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার, ব্যক্তিগতভাবেও তাদের ব্যাপার।
বিএনপি যদি শর্তগুলো প্রত্যাহার করে, আপনারা কি চিন্তা করবেন- সংলাপ করবেন কি করবেন না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা (সংলাপ) নিয়ে এখন আর চিন্তাভাবনা নেই। সেটা আগে ছিল, সে সময় চলে গেছে।
গত সোমবার যুক্তরাষ্ট্রের আলোচনার উদ্যোগের অংশ হিসেবে দেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন ডোনাল্ড লু। সুষ্ঠু নির্বাচন আয়োজনের তাগিদ দিয়ে পাঠানো এ চিঠি দলগুলোর কাছে হস্তান্তর করেছেন মার্কিন রাষ্ট্রদূত। বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। সেই চাওয়ার কথা জানিয়ে এই চিঠি দিয়েছেন ডোনাল্ড লু।