সন্ধ্যা ৬:২৫ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে এসএসসি পাস করেলেন মা-ছেলে দুজনেরই জিপিএ ৫

ডেস্ক রিপোর্ট :
দীর্ঘ ১৯ বছর পর আবারও বই-খাতা হাতে নিয়ে ছেলের সঙ্গে একই সময়ে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেছেন রাজশাহীর সাদিয়া বেগম। অন্যদিকে তার ছেলে তানভীর আহমেদ পেয়েছে গোল্ডেন জিপিএ-৫।
রাজশাহী নগরীর বসিলা এলাকার বাসিন্দা সাদিয়া বেগম বিয়ের পর সংসারের দায়িত্বে পড়ে পড়াশোনা থেকে দূরে সরে যান। তবে শিক্ষার প্রতি আগ্রহ কখনো হারাননি। প্রায় দুই বছর আগে ছেলের সঙ্গে একই সময়ে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
সংসার সামলানো, সন্তানদের দেখাশোনা এবং নিজের পড়াশোনা—সবকিছু একসঙ্গে সামলে নিয়মিত পড়াশোনা চালিয়ে যান সাদিয়া। শেষ পর্যন্ত তার সেই অধ্যবসায়ের ফলও এসেছে অসাধারণ সাফল্য হয়ে।
চলতি বছরের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় রাজপাড়া আদর্শ মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে জিপিএ-৫ অর্জন করেন সাদিয়া বেগম। অন্যদিকে তানভীর আহমেদ রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।
মা ও ছেলের এমন অসাধারণ সাফল্যে পরিবার ও এলাকাজুড়ে বইছে আনন্দের জোয়ার। তাদের এই অর্জন প্রমাণ করেছে—ইচ্ছাশক্তি ও অধ্যবসয় থাকলে বয়স বা পারিবারিক দায়িত্ব কখনোই শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না।
তানভীর আহমেদের স্বপ্ন ভবিষ্যতে একজন প্রকৌশলী হওয়া। আর ছেলের সঙ্গে একই সময়ে এসএসসি পাস করে সাদিয়া বেগমও হয়ে উঠেছেন অনেকের জন্য অনুপ্রেরণার প্রতীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *