রাত ৩:৫২ সোমবার ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একই পরিবারের ২৫ জনকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একই পরিবারের ২৫ জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। গাজা সিটির সাবরা এলাকায় ইসরায়েল বিমান হামলা চালালে একই পরিবারের এসব সদস্য প্রাণ হারান। ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মানুষ চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

রোববার ভোরে সাবরা এলাকায় একাধিক বাড়ি বোমা হামলায় ধ্বংস হয়। আগস্টের শেষ দিক থেকে এই এলাকায় ট্যাঙ্ক নিয়ে প্রবেশ করে ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল ইসরায়েল।

হামলার পর এখন পর্যন্ত অন্তত ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আরও অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কায় স্থানীয় মানুষ ও উদ্ধারকর্মীরা খালি হাতে মাটি খুঁড়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে হয়তো ৫০ জন পর্যন্ত আটকা রয়েছেন।

আটকা পড়া স্বজনদের উদ্ধারে মরিয়া আবেদন জানিয়েছেন তারা। ধ্বংসস্তূপের ভেতর থেকে এখনও মানুষের চিৎকার শোনা যাচ্ছে বলেও জানান তারা।

একজন স্বজন বলেন, “আমি সারা বিশ্বের কাছে আবেদন করছি-আমাদের সহায়তা করুন। আমাদের আত্মীয়রা জীবন্ত চাপা পড়েছে। আমরা তাদের আর্তনাদ শুনতে পাচ্ছি, কিন্তু পৌঁছাতে পারছি না।”তিনি আরও অভিযোগ করেন, ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালাতে গেলেই ইসরায়েলি ড্রোন থেকে গুলি চালানো হচ্ছে। প্রতি পাঁচজন এগোলে চারজন নিহত হন, একজন বেঁচে ফেরেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হতাহতদের ছোট একটি যানবাহনে করে দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে। অন্য এক ভিডিওতে দেখা গেছে, এক মা বিলাপ করছেন-“আমার সব সন্তানকে হারালাম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *