রাত ৩:৪৩ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইকবালের ফাইটার এর র‍্যাম্প মডেল পারিশা জান্নাত

বিনোদন  প্রতিবেদক : দেশীয় শোবিজ মিডিয়ার নিউ ট্যালেন্ট গ্ল্যামার গার্ল পারিশা জান্নাত। সুন্দরী এই তরুণী একাধারে মডেল – অভিনেত্রী। এর বাইরে মাঝে মধ্যে গানেও কণ্ঠ দেন। কিন্তু গানে ক্যারিয়ার গড়তে চান না স্বপ্নময়ী এই তরুণী। তার স্বপ্ন ও লক্ষ্য রুপালি পর্দা, অর্থাৎ চলচ্চিত্রের নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পেতে চান। তাই নিজের স্বপ্নের মাধ্যমের স্থায়ী বাসিন্দা হওয়ার জন্যে নিজেকে ফিট করছেন। পারিশা জান্নাত ইতিমধ্যে নিয়মিত জিম করার পাশাপাশি নাচ – ফাইট শিখছেন বলে জানান। প্রযোজক ও নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন ছবিতে অভিনয়ের জন্যে যুক্ত হয়েছেন এই সুদর্শনা।

ইকবালের ছবিতে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে পারিশা জান্নাত বলেন, ইকবাল ভাইয়ের সঙ্গে দীর্ঘ দিনের পরিচয়। ক্যারিয়ারের প্রথম ছবি হিসেবে আমি ভাইয়ার পরিচালনার ছবিতে অভিনয় করতে চাই। এটা আমার কাছে অনেক ভালো লাগার বিষয়। বিষয়টি ইকবাল ভাইয়া জানেন বলেই তার পরবর্তী ছবি ‘ফাইটার’ এ একজন র‌্যাম্প মডেলের চরিত্রে অভিনয় করতে যাচ্ছি।

পারিশা জান্নাত ফাইটার ছবিতে নিজের চরিত্রে যথার্থ অভিনয়ের জন্যে শুটিংয়ের আগেই ঘাম ঝরানো শুরু করে দিয়েছেন। এই প্রসঙ্গে সেক্সী ফিগারের আকর্ষণীয় চেহারার এই গ্ল্যামার গার্ল বলেন, আমি চাই নিজেকে জিরো ফিগার করতে। এ জন্য কঠোর পরিশ্রম করছি। নাচ ও ফাইট শিখছি। আগামী ঈদুল আজহার পর ‘ফাইটার’ ছবির শুটিং শুরু হবে। আশা করছি, ভালো কিছু হবে।

উল্লেখ্য, সুন্দরী প্রতিযোগিতা ‘মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক’ এ রানারআপ হয়েছেন পারিশা জান্নাত। ছোটপর্দায় নিয়মিত কাজ করছেন তিনি। সাম্প্রতিক সময়ে বেশ কিছু খণ্ডনাটক ও ধারাবাহিকে অভিনয় করছেন। বর্তমানে ‘গৃহলক্ষ্মী’ ও ‘দুষ্ট মেয়ের দল’ শিরোনামে দুটো ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। বেশ কিছু শর্টফিল্মেও অভিনয় করতে দেখা গেছে তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *