
বিনোদন প্রতিবেদক : সাম্প্রতিক কয়েক বছর ধরে লাগাতার ফ্লপ হচ্ছে চিত্রনায়ক বাপ্পী চৌধুরী অভিনীত ছবিগুলো। সঙ্গত কারণেই গেলো কয়েক বছর ধরে এই স্বঘোষিত ঢালিউড সুলতান কিম্বা আত্মস্বীকৃত সুপারস্টার এই নায়কের চলচ্চিত্র ক্যারিয়ার ভালো যাচ্ছে না। বলা যায়, বাপ্পী চৌধুরীর চলচ্চিত্র ক্যারিয়ার এখন অনেকটাই ভঙ্গুর। তার হাতে নেই নতুন কোনো ছবি। যা-ও অনেক চেষ্টা তদবির করে ‘অপারেশন জ্যাকপট’ নামের একটি ছবিতে আট নায়কের এক নায়ক হওয়ার সুযোগ পেয়েছিলেন, কিন্তু সেটাও তার করা হচ্ছে না। এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েও বাপ্পী বাদ পরেছেন। ছবিটির প্রযোজক অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী জানিয়েছেন, শর্ত ভঙ্গ করার জন্য তাকে এই ছবি থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও বাপ্পীর দাবি – তাকে বাদ দেওয়া হয়নি, তিনিই নাকি ছবিটি থেকে সরে এসেছেন।
‘অপারেশন জ্যাকপট’ ছবি থেকে বাদ পরার প্রতিক্রিয়ার বাপ্পী চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, এই ছবিতে আমি চুক্তিবদ্ধ হয়েছিলাম এটা সত্য। কিন্তু শুরুর দিকে আমাকে ছবিটির কর্তৃপক্ষ যেসব কথা বলেছিলেন পরে আমি তাদের সেই কথার সঙ্গে মিল পাইনি। তাই খানিকটা বাধ্য হয়েই ছবিটি থেকে সড়ে দাঁড়াতে হয়েছে। অন্যদিকে, ছবিটির প্রযোজনা সংস্থা নিশ্চিত করেছে যে, বাপ্পী সরে যাননি, শর্ত ভঙ্গের কারণে তাকে এই ছবি থেকে বাদ দেওয়া হয়েছে।
জানা যায়, হালে ক্রমশঃ বেকার নায়কে পরিণত হওয়া বাপ্পী চৌধুরীর ২০১৯ সালের ২০ জুন দীপংকর দীপনের পরিচালনায় একটি ছবিতে অভিনয়ের কথা ছিল। বেশ জাঁকালো আয়োজনে তখন মহরত করে ঘোষণা দেওয়া হয় ‘ঢাকা ২০৪০’ নামে একটি ছবির। মহরতের তিন দিন পর ছবিটির প্রথম ধাপের শুটিং শুরু হয়েছিল বিএফডিসিতে। এরপর থেকে ছবিটির আর হদিস নেই। বলা যায়, শুরুতেই থমকে যায় ছবিটির নির্মাণ কাজ। এছাড়াও মহরতেই শেষ হয়ে যায় বাপ্পীর ঘোষণা দেওয়া গাজী জাহাঙ্গীরের পরিচালনায় ‘প্রেমের বাঁধন’ ছবিটি। আবার একদিন শুটিং করেই শেষ ‘কোভিড-১৯ ইন বাংলাদেশ’ নামের আরেকটি ছবি। ২০২০ সালে নির্মাণ কাজ শুরু হলেও দীর্ঘদিন ধরে থমকে আছে এই পড়তি নায়কের ‘গিভ অ্যান্ড টেক’ নামে আরও একটি ছবি। খোঁজ নিয়ে জানা গেছে, এই ছবিটির প্রযোজক ও পরিচালক বারবার ছবিটি শেষ করার উদ্যোগ নিলেও বাপ্পী শুটিং শিডিউল দেননি। অগত্যা আটকে আছে ছবিটির নির্মাণ কাজ।
জানা গেছে, বাপ্পী চৌধুরী অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে আশরাফ শিশিরের পরিচালনায় ‘৫৭০’, শাহীন সুমনের ‘কুস্তিগির’, বেলাল সানির ‘ডেঞ্জার জোন’ এবং সাফি উদ্দিন সাফির ‘সিক্রেট এজেন্ট’। অনেক আগেই এই ছবিগুলোর কাজ শেষ হলেও আজও আলোর মুখ দেখেনি। ছবিগুলো আদৌ আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়।
উল্লেখ্য, বাপ্পী চৌধুরী অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া তিনটি ছবি হলো – প্রিয় কমলা, জয় বাংলা এবং শত্রু। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, তিনটি ছবিই ব্যবসায়িকভাবে মুখ থুবড়ে পড়ে। তিনটি ছবিরই ব্যর্থতার দায়ভার বর্তায় বাপ্পীর ওপর। চলচ্চিত্র বোদ্ধারা মনে করেন, এই নায়ক কোনো ছবিতে অভিনয়ের সময় অভিনয়ে মনোযোগিতার বদলে বিভিন্ন নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলায় বেশি মনোযোগী থাকেন। তাই তো অভিনয়ে উৎকর্ষ সাধন করে দর্শক মন ভরাতে ব্যর্থ হচ্ছেন। আর এতে করে তিনি এখন চলচ্চিত্র ক্যারিয়ার হারাতে বসেছেন। অবশ্য বছর তিনেক ধরে বাপ্পী ক্যামেরা সামনে দাঁড়ানোর বদলে নারায়ণগঞ্জে পৈতৃক সূতা ব্যবসায়ে সময় দিচ্ছেন।