রাত ১০:৫৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক

ডেস্ক রিপোর্ট :
যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৩ কেজি ৪৬৪ গ্রাম ওজনের ৪৩ পিচ স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা হলেন- মাগুরার শালিখা উপজেলার রফিকুল ইসলাম (৪০) ও যশোর সদরের এনায়েতপুরের শাওন হোসাইন (৩২)।

মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বড় আন্দুলিয়া সীমান্ত হতে স্বর্ণসহ তাদের আটক করা হয়।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আহমেদ জামিল জানান, স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ হতে ভারতে পাচারের উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি বিশেষ টহল দল বড় আন্দুলিয়া গ্রামস্থ পাঁকা রাস্তার পাশে গোপনীয়তার সঙ্গে অবস্থান নেয়। সেখানে দুইজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে মোটরসাইকেল যোগে চৌগাছা হতে সীমান্তের দিকে আসতে দেখে থামতে বলে। চোরাচালানিরা না থেমে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় টহলদল তাদেরকে ধাওয়া করে আটক করে। পরবর্তীতে তল্লাশি করলে তাদের কাছে থাকা একটি ব্যাগের মধ্যে সাদা কাপড় ও স্কচ টেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ১৩ কেজি ৪৬৪ গ্রাম ওজনের মোট ৪৩টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান সিজার মূল্য ১৩ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা।

বিজিবি আরও জানায়, আটককৃত আসামিদের চৌগাছা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ থানায় মামলা দায়ের এর মাধ্যমে ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *