
স্পোর্টস ডেস্ক:
এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে লড়াই দিয়ে আসরে পথচলা শুরু করবে লিটন কুমার দাসের দল।
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়ার কাপের সপ্তদশ আসর। শনিবার বিকেলে নিজের এক্স অ্যাকাউন্টে খবরটি জানান পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নাকভি। কয়েক ঘণ্টা পর গ্রুপিং ও সূচি প্রকাশ করল এসিসি।
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ হবে ২০ ওভারের সংস্করণে। এবারও একই গ্রুপে রাখা হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানকে। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই সঙ্গী ওমান ও স্বাগতিক আরব আমিরাত।
আগামী ১১ সেপ্টেম্বর ‘বি’ গ্রুপে হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটি খেলবে বাংলাদেশ। একদিন পর শ্রীলঙ্কার মুখোমুখি হবে লিটন-মুস্তাফিজরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৬ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।হংকংয়ের বিপক্ষে আফগানদের ম্যাচ দিয়ে ৯ সেপ্টেম্বর পর্দা উঠবে এই টুর্নামেন্টের। পরদিন আরব আমিরাতের মুখোমুখি হবে ভারত। পাকিস্তান তাদের প্রথম ম্যাচ খেলবে ১২ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ওমান।ভারত-পাকিস্তান হাইভোল্টেজ লড়াইটি মাঠে গড়াবে ১৪ সেপ্টেম্বর।
দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে পরের ধাপে। সুপার ফোর পর্বে দলগুলো পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। সেখান থেকে শীর্ষ দুই দল লড়বে ফাইনালে, আগামী ২৮সেপ্টেম্বর।