
বিনোদন প্রতিবেদক : দেশীয় শোবিজ তারকা বিদ্যা সিনহা সাহা মিম একাধারে দেশীয় চলচ্চিত্রের অভিনয় তারকা এবং জনপ্রিয় মডেল তারকা। মিম সম্পর্কে যারা খোঁজ খবর রাখেন, তারা ভালো করেই জানেন, তিনি ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করেন। মাঝেমধ্যেই তিনি স্বামী সনি পোদ্দারকে নিয়ে বিদেশে ঘুরতে বেরিয়ে যান। আবার মা – বাবা, স্বামী – স্বজন ও বন্ধুদের নিয়ে গ্রুপ বা ফ্যমিলি ট্যুরেও বিদেশে ঘুরে ফিরেন। এবারের ঈদের এই দীর্ঘ ছুটিতে মা – বাবা ও স্বামী সনি পোদ্দারকে নিয়ে থাইল্যান্ডে গেছেন মিম। সেখান থেকেই বেড়ানোর বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সুখের ঠিকানা পেয়ে গেছেন বলে জানান মিম।
সাধারণত থাইল্যান্ড সমুদ্রসৈকতের জন্য বিখ্যাত হলেও মিম এবার গেছেন পার্বত্য এলাকায়। দেশটির চিয়াং মাইয়ের পাহাড় আর ঝরনায় ঘুরে বেড়ানোর ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। অপরূপ প্রাকৃতিক পরিবেশে নিজের একগুচ্ছ ছবি প্রকাশ করে মিম লিখেছেন – আমার সুখের ঠিকানা পেয়ে গেছি।
জানা গেছে, মিমের ঘুরে বেড়ানোর এসব ছবি ও ভিডিও তার ভক্ত – অনুরাগীরাও দারুণ পছন্দ করেছেন। মিম ও তার পরিবারের জন্য শুভকামনা জানিয়েছেন অনেকে। অনেক ভক্ত আবার বড় পর্দায় তাকে মিস করার কথা জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২২ সালে বিদ্যা সিনহা সাহা মিম অভিনীত ‘পরাণ’ ছবিটি ব্যাপক প্রশংসিত হয়। একই বছর মুক্তি পায় আরেকটি জনপ্রিয় সিনেমা ‘দামাল’। তবে এরপর এই তারকাকে বড় পর্দায় আর দেখা মেলেনি। তবে সম্প্রতি মিম জানিয়েছেন, তিনি বেশ কয়েকটি নতুন প্রকল্প নিয়ে কাজ করছেন, যেগুলোর বিস্তারিত খুব শীঘ্রি সবাইকে জানানো হবে।