বিকাল ৫:৩৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালথায় পারিবারিক বিরোধে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

সালথা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের সালথা উপজেলার রংরায়েরকান্দি গ্রামে পারিবারিক বিরোধের জেরে মর্জিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে বটির আঘাতে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মো. বক্কার শেখের (৪৩) বিরুদ্ধে। এ ঘটনায় বক্কারের মা মেহেরুন বেগমকে (৬৫) হামলার সময় ঠেকাতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে সোনাপুর ইউনিয়নের রংরায়েরকান্দি গ্রামে। নিহত মর্জিনা ফরিদপুর সদর উপজেলার ফুরসা গ্রামের মৃত মোচন মোল্যার মেয়ে এবং তিন মেয়ে ও এক ছেলের জননী। স্থানীয়রা জানান, বক্কার ও মর্জিনার মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মঙ্গলবার সকালে কথা কাটাকাটির একপর্যায়ে মর্জিনা বক্কারকে ঘর থেকে বের করে দরজা আটকে দেন। এরপর বক্কার টিনের বেড়া ভেঙে ঘরে ঢুকে বটি দিয়ে মর্জিনার মাথায় আঘাত করেন, যাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। হামলার সময় বক্কারের মা মেহেরুন ঠেকাতে গেলে তাকেও আহত করা হয়। স্থানীয়রা মেহেরুনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বক্কারকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মর্জিনার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *