
ডেস্ক রিপোর্ট :
কয়েকদিন আগে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে বেধড়রক মারধরের ঘটনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। তাকে চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (১) ধারার বিধান মোতাবেক ১১/৯/২০২৩ তারিখ থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
তিনি সাময়িক বরখাস্তকালীন পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
এর আগে রোববার (১০ সেপ্টেম্বর) পুলিশের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়, এডিসি হারুনকে রমনা বিভাগ থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দাঙ্গা দমন বা পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে বদলি করা হয়। পরে একই দিন সন্ধ্যায় তাকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) সংযুক্ত করা হয়েছে বলে জানানো হয়।