বিকাল ৪:২২ রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে কৃষকের মরদেহ উদ্ধার, আটক ৩

 

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জাহাঙ্গীর আলম(৩৮) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।

৬ জুন মঙ্গলবার সকালে সুরুতহাল রিপোর্ট শেষে জাহাঙ্গীরের মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠিয়েছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম।

নিহত ব্যক্তি  জামালপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের  কোনা মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানায়, ৫ জুন, সোমবার সন্ধ্যার পর গয়েশপুরস্থ ডাবরির পাতারে ট্রাক্টরের মাটি কাটা দেখতে যায়। এরই মধ্যে জমিজমা সংক্রান্ত জেরে একই গ্রামের আমান মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক ওরফে রেজ্জাক ও নান্নু মিয়া এবং তার লোকজন নিয়ে জাহাঙ্গীর আলমের উপর অতর্কিত হামলা চালায়। এসময় লাঠি দিয়ে পিটিয়ে ও কিলঘুষি দিয়ে গুরুতর আহত করে।
এ ঘটনার খবর পেয়ে জাহাঙ্গীরের মা-বাবা ও ছেলে মেহেদী হাসানসহ অন্যান্য স্বজনরা গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত্যু ঘোষণা করেন। পরবর্তী তার মরদেহ অভিযুক্ত রেজ্জাকের বাড়িতে রেখে আসে স্বজনরা। এরপর পর পুলিশ খবর পেয়ে সোমবার রাতেই রেজ্জাকের বাড়ি থেকে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত রেজ্জাকের পরিবারের অন্যান্য লোকজন পলাতক রয়েছে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম বলেন, সোমবার রাতে রেজ্জাকের বাড়ি থেকে জাহাঙ্গীর আলম নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে নিহতের ছোট ভাই লিখন মিয়া বাদি হয়ে একটি মামলা হলে অভিযুক্ত রেজ্জাক, নান্নু ও সাজ্জাদ নামের ৩ জনকে আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *