বিকাল ৫:৩৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবের তাণ্ডব, ২০ বলে করলেন ঝোড়ো ফিফটি

স্পোর্টস ডেস্ক:

বল হাতে ঝলক দেখাচ্ছিলেন। তবে ব্যাট হাতে সাকিব আল হাসানের দুঃসময়টা যেন কাটছিলই না। অবশেষে সেটাকেও যেন পেছনে ফেললেন সাকিব। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে তাণ্ডব চালালেন সেন্ট লুসিয়া কিংসের ওপর। ২০ বলে করলেন ফিফটি। তাতেই তার দল ফ্যালকনস ২০ ওভার শেষে দাঁড় করাল ২০৪ রানের পাহাড়।চলতি সিপিএলের শুরু থেকে ব্যাটার সাকিবের ওপর ভরসা রেখেছে ফ্যালকনস ম্যানেজমেন্ট। প্রতি ম্যাচেই তাকে পাঠাচ্ছিল ৪ অথবা ৫ নম্বর পজিশনে। আজও তার ব্যত্যয় ঘটল না।

ইনিংসের সপ্তম ওভারে তিনি নামেন ৪ নম্বর পজিশনে। দলের রান তখন ৫১, ২ উইকেট খুইয়ে। সাকিব এসেই ঝড় তোলেন। ফ্যালকনসের মোমেন্টামও বদলে যায় সঙ্গে সঙ্গে।

সাকিব স্ট্র্যাটেজিক টাইম আউটের আগেই হাঁকান জোড়া ছক্কা। এরপর ডেভিড ভিসার এক ওভারে ৩ চার আর ২ ছক্কায় তোলেন ২৪ রান। কিংসের বোলিংয়ের যত পরিকল্পনা ছিল, সে ওভারেই সব জানালা দিয়ে পালায়।সাকিব তার সিপিএল ক্যারিয়ারের তৃতীয় আর চলতি আসরের প্রথম ফিফটির দেখা পেয়ে যান মাত্র ২০ বলে। এরপরও তিনি দমে যাননি, আলজারি জোসেফের বলে ছক্কা হাঁকিয়েছেন লং অফ দিয়ে; ফিফটির পরের ৬ বলে তুলেছেন আরও ১১ রান। ২৬ বলে তার ইনিংস শেষ হয় ৬১ রান তুলে। তবে ততক্ষণে ফ্যালকনসের রানের পাগলা ঘোড়া ছুটে গেছে। সাকিব তার ওপাশে আমির জাঙ্গুর সঙ্গ পেয়েছিলেন, যিনি ৪৩ বলে করেছেন ৫৬। তার বিদায়ের পর শেষ দিকে ফাবিয়ান অ্যালেনের ১৭ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস ২০০ রানের মাইলফলক পার করিয়ে দেয় দলটাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *