রাত ১:০৮ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সকাল থেকেই রাজধানীজুড়ে তীব্র যানজট

ডেস্ক রিপোর্ট :

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে শাহবাগে ‘ছাত্র সমাবেশ’ এবং এনসিপির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ আয়োজন করা হয়েছে। ফলে সমাবেশ ঘিরে সড়কে চাপ বেড়েছে মানুষের চলাচলে।

একই সঙ্গে সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়া নগরবাসীর ছুটে চলার চাপ ও একযোগে এইচএসসি ও বিসিএস পরীক্ষার চাপের প্রভাব পড়েছে সড়কে। ফলে দীর্ঘ যানজটে ও যানবাহনের ধীরগতিতে বিপাকে পড়েছেন কর্মমুখী নগরবাসী।

রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীর শ্যামলী, কল্যাণপুর ঘুরে রাজধানীর বিভিন্ন সড়কে যানজটের এমন চিত্র দেখা গেছে।

সকাল থেকেই সড়কে গাড়ির চাপ বাড়তে থাকে। গণপরিবহনগুলোতে যাত্রীর চাপ চোখে পড়ার মতো। ফলে রাজধানীর বাসস্টপেজগুলোতে অপেক্ষমাণ অফিসগামী ও কর্মমুখী যাত্রীদের গণপরিবহনের গেটে ঠেলাঠেলি করে উঠতে দেখা গেছে।

রাজধানীর শ্যামলী বাস কাউন্টারে দাঁড়িয়ে ছিলেন কারওয়ান বাজারগামী বেসরকারি চাকরিজীবী শামীম হোসেন। তিনি বলেন, গাড়িতে পা রাখার জায়গা নেই। আবার যে যানজট গাড়িতে উঠলেও কখন পৌঁছাবো বলা কঠিন।

সিএনজিচালক আলমগীর বলেন, ট্যেকনিক্যাল সিগন্যাল থেকে শ্যামলী পর্যন্ত আসতেই ৩৫ মিনিট লাগছে। যানজট না থাকলে আসতে সর্বোচ্চ ১০ মিনিট লাগতো। রাস্তায় মোটামুটি জ্যাম আছে ভালোই।ঠিকানা পরিবহনের চালকের সহকারী বলেন, আমিনবাজারে ওইপাশে জ্যাম পাইনি। তবে আমিনবাজার পার হয়ে তারপর থেকে জ্যাম পেয়েছি।

এদিকে, একদিনে দুটি দলের সমাবেশ ঘিরে কয়েকটি সড়ক ডাইভারশন করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শনিবার (২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ আগস্ট ছাত্রদলের উদ্যোগে শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’, এনসিপির উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ এবং সাইমুম শিল্পী-গোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান উপলক্ষে এসব এলাকায় যান চলাচল সীমিত থাকবে। তাই সমাবেশ চলাকালীন বিকল্প পথ ব্যবহার করতে অনুরোধ করে ডিএমপি।এছাড়া ঢাকার বিভিন্ন কেন্দ্রে এইচএসসি/সমমান এবং বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ রোববার।

সভা-সমাবেশ ও অনুষ্ঠান উপলক্ষে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় প্রচুর জনসমাগম ঘটবে। ফলে ওই এলাকা বিশেষ করে শাহবাগ ক্রসিং দিয়ে যান চলাচল করানো সম্ভব হবে না। এ অবস্থায় ঢাকাবাসীকে বর্ণিত এলাকাগুলো এড়িয়ে চলাচল করার জন্য এবং নিম্নোক্ত পয়েন্টগুলো ডাইভারশন মেনে বিকল্প পথে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়- সোনারগাঁও সিং/বাংলামোটর ক্রসিং হয়ে উত্তর দিক থেকে আগত যানবাহনগুলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং এ সোজা শাহবাগের দিকে না গিয়ে বামে মোড় নিয়ে হেয়ার রোড/মিন্টু রোড হয়ে যাতায়াত করবে।

 

 

কাঁটাবন মোড়

সায়েন্সল্যাব ক্রসিং হয়ে পশ্চিম দিক থেকে আগত যানবাহনগুলো কাঁটাবন মোড় থেকে শাহবাগের দিকে না গিয়ে ডানে মোড় নিয়ে নীলক্ষেত/পলাশী হয়ে অথবা কাঁটাবন মোড় থেকে বামে মোড় নিয়ে সোনারগাঁও (হাতিরপুল) রোড হয়ে বাংলামোটর লিংক রোড দিয়ে চলাচল করবে।

মৎস্যভবন মোড়

হাইকোর্ট/কদম ফোয়ারা ক্রসিং হয়ে আগত যানবাহনগুলো মৎস্যভবন থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হেয়ার রোড/শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি (মগবাজার রোড) হয়ে চলাচল করবে। অপরদিকে, কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে উত্তরদিক থেকে আগত যানবাহনগুলো মৎস্যভবন ক্রসিং থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হাইকোর্ট হয়ে গুলিস্তান/ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলাচল করবে।

নীলক্ষেত ক্রসিং/দোয়েল চত্বর ক্রসিং থেকে আগত যানবাহনগুলোকে টিএসটি/রাজু ভাস্কর্য ক্রসিংয়ে এসে শাহবাগের দিকে না গিয়ে দোয়েল চত্বর/নীলক্ষেত ক্রসিং হয়ে চলাচল করবে।

শহীদ মিনার সংলগ্ন রাস্তা

শহীদ মিনার সংলগ্ন রাস্তাগুলো যথাসম্ভব পরিহার করার জন্য অনুরোধ করা হলো।

সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথ                                                                                                                                                              সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথগুলো যথাসম্ভব পরিহার করার জন্য অনুরোধ করা হলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *