
ডেস্ক রিপোর্ট :
রাজধানীর মতিঝিলের আরামবাগ আল হেলাল পুলিশ বক্সের সামনের ফুটপাত থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর। এখনও তাঁর পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
বুধবার দিবাগত রাত পৌনে ৩টা নাগাদ অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) নরোত্তম সেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির অচেতন দেহটি উদ্ধার করি। পরে দ্রুত তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, আশপাশের লোকদের জিজ্ঞেস করে ওই ব্যক্তির নাম পরিচয় জানতে জানা যায়নি। তাই প্রযুক্তির সহায়তায় তাঁর নাম পরিচয় জানার চেষ্টা চলছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।