রাত ২:২৬ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রবির ‘নিয়তি’ তে বাবু-উর্মিলা

বিনোদন প্রতিবেদক: এই সময়ের জনপ্রিয় নাট্য নির্মাতা মো: রবিউল সিকদার পরিচালিত ‘নিয়তি’ নাটকে অভিনয় করেছেন বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফজলুর রহমান বাবু ও নন্দিত নাট্যাভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। নাটকটি রচনা করেছেন সাইফুর রহমান কাজল। নাটকটিতে এ ছাড়াও আরো অভিনয় করেছেন মুক্তিযোদ্ধা এ বি এম সাইদুল হক, রবি, আনোয়ার, মনির, মামুন, রাহাত, ইয়াসমিন, ওয়াদুদসহ আরো অনেকে। নাটকটির গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। বাবু বলেন, ‘এর আগেও রবির নির্দেশনায় অভিনয় করেছি। রবি জীবনঘনিষ্ঠ গল্পের নাটক নির্মাণ করে। নিয়তি নাটকটিও জীবনঘনিষ্ঠ গল্পের নাটক। বেশ যত্ন নিয়ে রবি নাটকটি নির্মাণ করার চেষ্টা করেছে। মাত্র তো কাজটি শেষ করেছি। ঠিকঠাকভাবে সম্পাদনা শেষে এলে বোঝা যাবে কী দাঁড়াল। তবে আশা করছি নাটকটি ভালো হবে এবং দর্শকেরও ভালো লাগবে।’ উর্মিলা শ্রাবন্তী কর বলেন, ‘ফজলুর রহমান বাবু ভাই বাংলাদেশের একজন গুণী অভিনেতা। তার সাথে একই নাটকে অভিনয় করা নিঃসন্দেহে অনেক ভালোলাগার। বাবু ভাইয়ের মতো অভিনয় শিল্পীর সাথে অভিনয় করে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করি। নিয়তি নাটকের গল্পটা চমৎকার। আশা করছি ভালো লাগবে দর্শকের।’ রবি সিকদার বলেন, ‘আমার পরম সৌভাগ্য যে, আমি বাবু ভাইকে নিয়ে কাজ করতে পারি। তিনি এত বড় একজন অভিনেতা যে আমার মতো অতি সাধারণ একজন নির্মাতার নির্দেশনায় বেশ আনন্দ নিয়ে কাজ করেন। হ্যাঁ, এটি সত্যি যে, আমি জীবনঘনিষ্ঠ গল্প নিয়ে কাজ করি। আর এ ধরনের গল্পে বিশেষ চরিত্রে বাবু ভাইয়ের বিকল্প এখন নেই বললেই চলে। ধন্যবাদ প্রযোজনা সংস্থাকে আমাকে এমন একটি গল্প নিয়ে কাজ করার সুযোগ করে দেয়ার জন্য। ধন্যবাদ বাবু ভাই, উর্মিলা আপুসহ সবাইকে।’ শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *