
বিনোদন ডেস্ক : প্রেমের ভাঙন কিংবা বিবাহবিচ্ছেদ বিষয়টি তারকাদের জন্য মাঝে মধ্যেই দুর্বিষহ হয়ে ওঠে। বিশেষ করে যখন প্রেম বা বিচ্ছেদ নিয়ে গুঞ্জন ভেসে বেড়ায়। একের পর এক গুঞ্জনে বলিউডের আকাশও সব সময় ভারি হয়েই থাকে। বেশ কিছু দিন ধরেই গুঞ্জন চলছে – বলিউড তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীরের মধ্যে নাকি সম্পর্ক ভালো নেই। দম্পতি কলহের জেরে নাকি তাদের সম্পর্ক বিচ্ছেদের দিকে গড়াচ্ছে। এই গুঞ্জন প্রসঙ্গে অবশেষে ভারতীয় গণমাধ্যমের কাছে মুখ খুললেন দীপিকা। তার মতে, তাদের মধ্যে অশান্তি খুব একটা নাকি হয় না।
গুঞ্জনের বিষয়ে দীপিকা বলেন, আমার মনে হয় এখন বিয়ের সম্পর্কে ভালো থাকার একটাই রাস্তা, সেটা হলো ধৈর্য। আমরা সিনেম্যাটিক বিয়ে অথবা আশপাশের মানুষের বিয়ে দেখে বড় হই। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর বোঝা যায়, সবার পথচলা আলাদা ধরনের। কথাগুলো শোনাতে অদ্ভুত লাগলেও আমাদের মতো সব কাপলদের আগের জেনারেশনের থেকে ধৈর্য ধরে সংসার করাটা শেখা উচিত।
উল্লেখ্য, ২০১৮ সালে বিয়ে করেন বলিউডের এই তারকা জুটি। বিয়ের আগে ছয় বছর প্রেম করেন দুজন। শোনা যায়, দীপিকার বিশ্বাস অর্জন করতে শুটিং ফ্লোর থেকে রিয়ালিটি শো সব জায়গায় হাজিরা দিতেন রণবীর। এমনিতেও দুজনের চারিত্রিক বৈশিষ্ট্যে অনেক পার্থক্য রয়েছে। একদিকে এনার্জিতে ভরপুর রণবীর, আর অন্যদিকে শান্ত মিতভাষী দীপিকা। তবে দুজনের সম্পর্কে নিয়েই যতই গুজব ছড়াক, সব কিছু হাওয়ায় উড়িয়ে দিলেন দীপিকা। নিশ্চিত করলেন, রণবীরের সঙ্গেই থাকছেন তিনি।