বিকাল ৫:৫৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র- ভারত কোনো দলকে জোর করে ক্ষমতায় বসাবে না: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট :
যুক্তরাষ্ট্র বা ইন্ডিয়া কোন রাজনৈতিক দলকে জোর করে ক্ষমতায় বসাবে না। তারা সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচন চায়। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ সব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতার জন্য ইন্ডিয়ার মুখাপেক্ষি হয়ে থাকবে না।

তিনি আরও বলেন, সম্পর্কের উন্নয়ন গণতন্ত্রের জন্য ভালো। সব দেশের সাথে সুসম্পর্ক আছে বলেই দেশের আন্তর্জাতিক বাণিজ্য বেড়েছে বলেও দাবি করেন তিনি।

অতি সম্প্রতি ভিসা নীতি নিয়ে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘কেউ নিষেধাজ্ঞা দেবে না, তলে তলে আপস হয়ে গেছে’। তার এমন বক্তব্য দেশজুড়ে আলোচনার মধ্যে এ নিয়ে ফের কথা বলেছেন তিনি। বলেন, ‘আমি কথাটা যা বলেছি আপনারা সেটা এখনো অনুভব করছেন না। নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যে বৈঠকটা-এই বৈঠকের বিষয়টা কিন্তু এক সপ্তাহ পর্যন্ত কেউ জানে না। তাহলে তলে তলে অনেক কিছু হচ্ছে, আমি যে কথাটা বলেছি আমি তো ভুল বলিনি।’

তিনি বলেন, আমাদের দেশে গুজব ও অপপ্রচার এমন বিষয় হয়ে দাঁড়িয়েছে- যে আমাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক অবনতির দিকে। এ ধরনের একটি গুজব এবং অপপ্রচার ব্যাপকভাবে ছড়িয়েছে।

ওবায়দুল কাদের বলেন, জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যার যে সেলফি—তখনও তো কিছু কথা হয়েছে। সেটা তো এখন বলাবলি হচ্ছে। তখনও তো কিছু কথা হয়েছে। এটা তো আর প্রকাশ্যে হয়নি। এটা কোনো কাগজেও আসেনি, মিডিয়াতেও আসেনি। সুতরাং তলে তলে আপোষ মানে দুই দেশের সম্পর্ক উন্নয়ন বা আমাদের সম্পর্ক ভালো আছে। আমি সেটা বুঝাতে চেয়েছি।
তলে তলে শব্দটা অনেকে নেতিবাচকভাবে নিচ্ছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগের শীর্ষ এই নেতা বলেন, কেউ নেতিবাচকভাবে নিতে চাইলে নিক না, অসুবিধা কি? তলে তলে মানে ভেতরে ভেতরে। তলে তলে যে বলি সেটা পাবলিক খায়। খেলা হবে যে বলি, এটা কেন বলি? পাবলিক খায়। জনগণ যেটা চায় সেটাই বলবো।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রেখে চীনের সঙ্গে কী দূরত্ব বজায় রাখা হচ্ছে এমন এক প্রশ্নের জবাবে কাদের বলেন, আমাদের সঙ্গে দূরত্ব নেই। আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে চীনের একটা ভূমিকা আছে। সেটা কিন্তু আমরা বাইপাস করতে পারবো না। তাদের সাহায্য আমরা নিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *