সন্ধ্যা ৭:১৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী কারাগারে

স্টাফ রিপোর্টার :

রাজধানীর মিরপুর মডেল থানার হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণের পর চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী মিঠু হালদারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শনিবার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী ওহিদুজ্জামান বিপ্লব জানান, এ মামলায় গত ৬ মে অভিযোগপত্র আমলে নেন আদালত। তবে ৫ মে মিল্টনের মা মারা গেছেন জানিয়ে তাদের পক্ষে সময় আবেদন করা হয়।
আদালত সেই আবেদন নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এরপর শনিবার স্ত্রীসহ মিল্টন আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
আদালত সেই আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত বছরের ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
তার বিরুদ্ধে জাল মৃত্যু সনদ তৈরি, টর্চার সেলে মানুষজনকে নির্যাতন ও মানবপাচারের অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়। পরদিন ২ মে প্রতারণার আশ্রয় নিয়ে জাল মৃত্যু সনদ তৈরির অভিযোগে মিরপুর মডেল থানার মামলায় মিল্টন সমাদ্দারের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এরপর ৫ মে তাকে মানবপাচার আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে কারাগারে থাকা অবস্থায় মারধরের আরেক মামলায় মিল্টনকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তিন মামলায় জামিন পেয়ে কারামুক্ত হন তিনি।
তদন্ত শেষে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় আদালতে অভিযোগপত্র দেন ডিবি পুলিশের পরিদর্শক আতাউর রহমান। এ মামলায় তার সঙ্গে তার স্ত্রী মিঠু হালদারকে অভিযুক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *