
মিরসরাই প্রতিনিধি :
চট্টগ্রাম উত্তরাঞ্চলের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে অনুষ্ঠিত হয়েছে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠান।
রবিবার (২২ জুন) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবছার উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন কলেজের মার্কেটিং বিভাগের প্রভাষক মো. শেখ ফরিদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের দাতা সদস্য ও ক্লিফটন গ্রুপের পরিচালক এমডি এম মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, “শিক্ষাই হচ্ছে একমাত্র পথ যা সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যায়। তোমরা যারা আজ বিদায় নিচ্ছো কিংবা যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছো, তোমরাই আমাদের ভবিষ্যতের সম্ভাবনা।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাতা সদস্য গিয়াস উদ্দিন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. কামাল উদ্দিন, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকা শামসুন নাহার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শিমুল কান্তি ভৌমিক এবং আইসিটি বিভাগের প্রভাষক আল মাহমুদ শাকিল।
অনুষ্ঠানে জানানো হয়, এবছর কলেজ থেকে মোট ৩৫৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। পাশাপাশি দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত ৫৭ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে একসঙ্গে ফটোসেশন এবং কলেজের সহকারী অধ্যাপক ইউসুফ মিয়ার পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সারা অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের চোখেমুখে ছিল আনন্দ, আবেগ আর নতুন স্বপ্নে উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি।