সন্ধ্যা ৬:১৩ বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে বিভিন্ন অপরাধে জোরারগঞ্জ থানায় গ্রেফতার ৮

 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৬ জুন) গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। তাদের সকলের বাড়ি জোরারগঞ্জ থানার এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকায় অভিযান চালিয়ে ১৩৮ পুরিয়া (প্রায় ৬০০ গ্রাম) গাঁজাসহ রাকিব হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, চুরি হওয়া দুটি সিএনজি অটোরিকশা উদ্ধার করে চোরচক্রের সক্রিয় সদস্য শাহিন সাজু শহীদ, জাবেদ হোসেন ওরফে রাব্বী এবং সাব্বির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়া মায়ের এটিএম কার্ড চুরি করে ২ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা খরচ করার অভিযোগে সাইদুল ইসলামকে আটক করা হয়েছে। একই সময়ে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও তিন আসামিকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী এলাকায় অভিযান চালিয়ে জোরারগঞ্জ থানার একটি মামলায় চুরি যাওয়া একটি এক্সকাভেটর উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এ ঘটনায় জড়িতরা পালিয়ে যায়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মাদক, চুরি ও অন্যান্য অপরাধ দমনে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *