রাত ১:৩০ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিথ্যার বিরুদ্ধে সত্য তুলে ধরতে নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রী

 ডেস্ক রিপোর্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়লাম আমরা আর এর সুযোগ নিয়ে দেশ-বিদেশে আমাদের বিরুদ্ধেই অপপ্রচার ও নানা গুজব ছড়াচ্ছে বিএনপি-জামায়াত।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে গণভবনে আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর-উপদপ্তর, প্রচার-উপপ্রচার সম্পাদকদের নিয়ে এক বৈঠক হয়। বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে নেতাকর্মীদের আরও জোরালো ভূমিকা পালনের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে প্রধানমন্ত্রী দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব বুঝতে হবে। সেখানে সঠিক তথ্য তুলে ধরতে হবে। মিথ্যার বিরুদ্ধে সত্য তুলে ধরার মাধ্যমে সব নেতাকর্মীকে লড়াই করতে হবে। তবেই দেশের মানুষ বিভ্রান্ত হবে না।

এদিন দুপুর সাড়ে ১২টায় বৈঠক শুরু হয়ে চলে প্রায় ঘণ্টাব্যাপী। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলীয় নেতাকর্মীদের নানা দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে উপস্থিত একাধিক নেতা সংবাদমাধ্যমেকে এসব তথ্য জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এ আরাফাত।
এছাড়াও বৈঠকে দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম একাধিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *