রাত ৩:২৫ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত কোন নির্বাচন হবে না: আমির খসরু

ডেস্ক রিপোর্ট :
জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে- ইসির এই বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কিসের নির্বাচন? কার নির্বাচন? যে ভোটাধিকারের জন্য মানুষ সংগ্রাম করছে তা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এ দেশে কোনো নির্বাচন হবে না, হতে দেয়া হবে না।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতন্ত্র ফোরামের উদ্যোগে ‘বর্তমান প্রেক্ষাপটে ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, সরকার মানুষকে বোকা ভাবছে। এদেশে এই অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা করলেই নির্বাচন হয়ে যাবে? এত সহজ নয়। দেশের লাখ লাখ মানুষ তার অধিকারের জন্য রাস্তায় নেমেছে। ভোটাধিকার, গণতান্ত্রিক, সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য। দেশের প্রতিটি অঞ্চলে লাখো মানুষের হৃদয়ে আন্দোলনের দোলা দিচ্ছে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, উন্নয়নের কথা বলা হচ্ছে, এ উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক কাঠামো সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে এ সরকার। ব্যাংকগুলোতে কোনো টাকা নেই। বড় বড় প্রকল্পের টাকা লুটপাট করে বাইরে নিয়ে গেছে। আর উন্নয়নের কথা বলছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের (উড়ালসড়ক) উদ্বোধন প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এগুলো হলো স্বৈরাচারের আরেকটি বৈশিষ্ট। সে লুটপাট করবে আর উন্নয়ন দেখাতে গিয়ে তারা দুই থেকে চার-পাঁচটা বড় বড় জিনিস এরকম করবে। মেঘা প্রজেক্টের নামে মেঘা দুর্নীতি করার জন্য বড় বড় প্রজেক্ট করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *