রাত ১:৩০ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের বিপক্ষে সিরিজ ড্র করায় নারী দলকে সুখবর দিল বিসিবি

স্পোর্টস ডেস্ক রিপোর্ট :
শক্তিশালী ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে সিরিজ ড্র করায় বড় অঙ্কের বোনাস পাচ্ছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। রোববার (২৩ জুলাই) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, সর্বমোট ৩৫ লাখ টাকার অর্থ পুরস্কার পাচ্ছেন নারী ক্রিকেটাররা।

৩৫ লাখ টাকার মধ্যে নারী ক্রিকেট দল পাবে ২৫ লাখ টাকার অর্থ পুরস্কার। বাকি ১০ লাখ টাকা দেওয়া হবে ভালো পারফরম্যান্স করা ক্রিকেটারদের মধ্যে। দেশের হয়ে নারী ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করা ফারজানা হক পিংকিকে দুই লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের সেঞ্চুরি আছে একটা। কয়েকজন মেয়ে দারুণ ক্রিকেট খেলেছে। পুরো দলের জন্য ২৫ লাখ টাকা দিচ্ছি। সেঞ্চুরির জন্য, প্লাস যারা দারুণ পারফর্ম করেছে তাদের আলাদা আলাদা টাকা দিচ্ছি। সবমিলিয়ে আমার ধারণা ৩৫ লাখ হবে।’

ভারত নারী দলের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের আপ্রাণ চেষ্টা নজর কেড়েছে নাজমুল হাসান পাপনের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যে খেলাটা দেখলাম সিরিজে। একটা জিনিস আমরা বলতে পারি, ভারতের বিপক্ষে মেয়েরা আপ্রাণ চেষ্টা করেছে। পুরো সিরিজে তাদের নিবেদনে, কাজের ধরনে কোনো সমস্যা নাই। অনেকের পারফরম্যান্স ভালো উন্নতি করেছে। এটা চোখে পড়ার মতো ছিল।
এর আগে, শনিবার (২২ জুলাই) সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশের দেওয়া ২২৬ রানের জবাবে ব্যাট করতে নেমে দারুণ লড়াই করে ভারত। কিন্তু শেষদিকে স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এবং দুর্দান্ত ফিল্ডিংয়ে ম্যাচ গড়ায় শেষ ওভারে।

শেষ ওভারে ভারত নারী দলের প্রয়োজন ছিল ৩ রান, হাতে ছিল এক উইকেট। শেষ ওভারের এমন সমীকরণে বাংলাদেশ দলের অধিনায়ক জ্যোতি ভরসা রাখেন মারুফা আক্তারের ওপর। প্রথম দুই বলে দুই সিঙ্গেল নিলেও তৃতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন মেঘনা। আর তাতেই চরম নাটকীয়ভাবে ড্র হয় সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ। প্রথম ম্যাচ বাংলাদেশ এবং দ্বিতীয় ম্যাচ ভারত জেতায় ১-১ এ সিরিজ ড্র হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *