রাত ৪:০৪ বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের আগ মুহূর্তে ব্রাজিল দলে পরিবর্তন

অনলাইন ডেস্ক :

হেক্সা জয়ের মিশন শুরুর ঠিক আগে বড় এক দুঃসংবাদ পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন প্রতিভাবান রাইট ব্যাক ওয়েসলি। তার পরিবর্তে জরুরি ভিত্তিতে স্কোয়াডে মিডফিল্ডার এদেরসনকে ডেকেছেন কোচ কার্লো আনচেলত্তি।

মিশরের বিপক্ষে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচটি ছিল ওয়েসলির জন্য দুর্ভাগ্যজনক। ম্যাচের মাত্র ১৫ মিনিটের মাথায় বাঁ উরুর অ্যাডাক্টর মাংসপেশিতে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়েন ২২ বছর বয়সী এই ডিফেন্ডার। পরবর্তী মেডিকেল পরীক্ষায় দেখা যায়, এই চোট কাটিয়ে বিশ্বকাপের আগে তার সুস্থ হওয়া অসম্ভব। ফলে কান্নায় ভেঙে পড়লেও শেষ পর্যন্ত বিশ্বকাপ স্বপ্ন বিসর্জন দিতে হলো তাকে।ওয়েসলির বিকল্প হিসেবে ডাক পাওয়া ২৬ বছর বয়সী এদেরসন বর্তমানে ইতালির ক্লাব আতালান্তার হয়ে দারুণ ফর্মে আছেন। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলা এই মিডফিল্ডারের দিকে নজর ছিল ইউরোপের বড় ক্লাবগুলোরও। বিশেষ করে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে তার যোগ দেওয়ার গুঞ্জন এখন তুঙ্গে।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ওয়েসলির চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “ওয়েসলি আমাদের গেম প্ল্যানের গুরুত্বপূর্ণ অংশ ছিল, তার অভাব অবশ্যই অনুভূত হবে। তবে এদেরসন অভিজ্ঞ এবং সামর্থ্যবান খেলোয়াড়, তার ওপর আমার পূর্ণ আস্থা আছে।”

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সেলেসাওরা। গ্রুপ পর্বে তাদের বাকি দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। চোট কাটিয়ে দল গুছিয়ে নিয়ে ব্রাজিল ভক্তরা এখন মাঠের লড়াইয়ে নামার অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *