
আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তার করার জন্য মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন।
পুতিনের আসন্ন মঙ্গোলিয়া সফরকে সামনে রেখে এ আহ্বান জানানো হয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো আইসিসিভুক্ত কোনো দেশে যাচ্ছেন পুতিন। আগামী মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মঙ্গোলিয়া যাওয়ার কথা রয়েছে রুশ প্রেসিডেন্টের।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা আশা করছে, পুতিন যে একজন যুদ্ধাপরাধী সে বিষয়ে অবগত আছে মঙ্গোলিয়া। দেশটির প্রশাসনের প্রতি রুশ এ নেতাকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে ইউক্রেন। নেদারল্যান্ডসের হেগে আইসিসির সদর দপ্তরে কৌঁসুলিদের কাছে পুতিনকে হস্তান্তরের দাবিও তোলা হয়েছে ইউক্রেনের পক্ষ থেকে।
রুশ প্রেসিডেন্টকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করে আইসিসি বলেছে, যুদ্ধ শুরুর পর ইউক্রেন থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়া ঠেকাতে ব্যর্থ হয়েছেন পুতিন।
এদিকে আইসিসির মুখপাত্র ড. ফাদি এল-আবদুল্লাহ বিবিসিকে বলেন, ‘সদস্য দেশ হিসেবে আইসিসির বিধান মেনে চলতে দায়বদ্ধ মঙ্গোলিয়ার কর্মকর্তারা। তবে অপরিহার্যভাবে এর অর্থ এই নয় যে, অভিযুক্তকে গ্রেপ্তার করতেই হবে।’