
স্টাফ রিপোর্টার :
রূপগঞ্জে এইচএসসি পরীক্ষায় নকল করতে মোবাইল, নকলের চিরকুট ও গাঁজার পুরিয়া নিয়ে হলে প্রবেশ করলে ম্যাজিস্ট্রেটের হাতে আটক হয় তিনজন পরীক্ষার্থী।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজের হল পরিদর্শনকালে এ ঘটনা ঘটে।
পরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল ওই শিক্ষার্থীদের বহিষ্কার করেন। এদের মধ্যে পাঁচরুখি বেগম আনোয়ারা কলেজের এক শিক্ষার্থীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট।
কেন্দ্র সচিব ও ভুলতা স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা বলেন, এইচএসসি পরীক্ষার হলে শ্রাবন মোল্লা নামের পরীক্ষার্থী মাদকসহ হলে প্রবেশ করে। তাকে মাদক আইনে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সাইদ ও তরিকুল ইসলাম নামে দুই পরীক্ষার্থীকে নকলের দায়ে বহিষ্কার করা হয়েছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন, পরীক্ষার হলে নকলের চিরকুট, মোবাইল নিয়ে প্রবেশ করায় ২ জনকে বহিষ্কার ও একজনকে গাজাসহ পেয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের সাজা দেওয়া হয়েছে। এ উপজেলার ৮টি কেন্দ্রেই নকলমুক্ত পরিবেশ করতে কাজ করছি। এর আগে এসএসসি পরীক্ষায়ও আমরা কঠোর অবস্থানে ছিলাম।