
স্পোর্টস ডেস্ক : কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই সরব দেশের সাংবাদিকরা। তাই সাংবাদিকদের ওপর সালাউদ্দিনের বড্ড ক্ষোভ! মঙ্গলবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলন শুরুর আগে কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের বিষয়ে কাজী সালাউদ্দিন আপত্তিকর কথা বলছিলেন। তিনি বলেছিলেন, বাফুফেতে প্রবেশ করতে হলে সাংবাদিকরা যেন ‘বাপের জুতা পরা ছবি’ নিয়ে যান। এমন আপত্তিকর মন্তব্যের জেরে অনারারি সদস্য পদ থেকে সালাউদ্দিনকে বহিষ্কার করেছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)
বুধবার বিষয়টি নিশ্চিত করেছে বিএসপিএ। বিবৃতিতে বিএসপিএ বলেছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন ও বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ ক্রীড়া সাংবাদিকদের নিয়ে সম্প্রতি যেসব আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। সাংবাদিকদের ওপর তাদের কতটা বিদ্বেষ, সেটা প্রকাশ পেয়েছে তাদের কথাবর্তায়। তারা শুধু সাংবাদিকদের নয়, তাদের পরিবার এমনকি সাংবাদিকদের মা-বাবাকে পর্যন্ত কটাক্ষ করতে ছাড়েননি। এটা পুরো সাংবাদিক সমাজকে ভীষণভাবে আহত করেছে।