
ডেস্ক রিপোর্ট :
শ্রম আইন লঙ্ঘনের মামলার রায় ঘোষণার পর গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস বলেছেন, যে অপরাধ আমরা করিনি, তার শাস্তি পেলাম। এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল। সোমবার (১ জানুয়ারি) শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
ড. ইউনূস বলেন, আজকে ইংরেজি বছরের প্রথম দিন। সারা দুনিয়া এটি পালন করে বছরের নতুন দিন হিসেবে। আমরা আজকে আদালতে এসেছিলাম রায় শোনার জন্য। এসে মনটা ভরে গেলো। আমার বহু বন্ধু-বান্ধব এখানে পেয়ে গেলাম। যাদের সঙ্গে আমার বহুদিন দেখা হয়নি। এরা আজকে এসেছে, এই আনন্দের দিনে যে আমার কি রায় হয়, আমার কি অবস্থা দাঁড়াল, তা দেখার জন্য যে। আমি কিন্তু খুব খুশি তাদের দেখে। মনটা ভরে গেলো।
ড. ইউনূস বলেন, যে রায় পেলাম। যে দোষ আমরা করিনি, সেই দোষের ওপরে শাস্তি পেলাম। এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল। আমরা সেটা গ্রহণ করলাম।
এই দোষ কীভাবে আদালত থেকে শেষ পর্যন্ত আমরা বিচার পাব। সেটা আমাদের আইনজ্ঞ এখানে আছে তিনি তা ব্যাখ্যা করবেন। তবে আমাদের মনে দুঃখটা রয়ে গেলো, আজকে এই আনন্দের দিনে, আমরা এই আঘাতটা পেলাম।
স্যার ন্যায় বিচার কি পেয়েছেন-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেই দোষ করিনি, সেই দোষের শাস্তি পেলাম। এটাকে যদি ন্যায় বিচার বলতে চান, বলেন।