রাত ৩:৩৯ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বছরের চুক্তিতে নতুন কোচ পেলেন শান্ত-মিরাজরা

স্পোর্টস ডেস্ক রিপোর্ট :
দুই বছরের চুক্তিতে বাংলাদেশ জাতীয় দলের নতুন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নাথান কেলি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৫ এপ্রিল থেকে গণনা শুরু হবে এই অস্ট্রেলিয়ানের মেয়াদকাল।
কেলি মূলত টাইগার ক্রিকেটারদের ফিটনেস দেখভাল করার দায়িত্ব পালন করবেন। আগের কোচ নিক লি চলে যাওয়ার পর এই পদে নিয়োগ পেয়েছেন তিনি। বর্তমান জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সাবেক সহকর্মী নাথান কেলি।
বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগে পেশাদার ক্রিকেট ও রাগবি লিগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে নাথানের। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের ফিজিক্যাল পারফরম্যান্স কোচ ছিলেন তিনি। ওই সময় নিউ সাউথ ওয়েলসের দায়িত্বে ছিলেন হাথুরুসিংহে।
নিউ সাউথ ওয়েলসের আরও কয়েকটি দলের সঙ্গে কাজ করেছেন নাথান। যেখানে এনএসডব্লিউ পাথওয়েস, এনএসডব্লিউ ব্লু এবং নারী বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ ছিলেন তিনি।
উল্লেখ্য, গত মাসে জাতীয় দলেন নতুন ব্যাটিং কোচ হিসেবে ডেভিড হেম্প ও পেস বোলিং কোচ হিসেবে অ্যান্ড্রু অ্যাডামসকে নিয়োগ দিয়েছে বিসিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *