দীঘিনালায় মাইনি নদীর বুকে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ : দূর হলো পারাপারের দুর্ভোগ

 

​ দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি :

খাগড়াছড়ির দীঘিনালায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের নদী পারাপারের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হিল ভিডিপি সদস্যরা। তাঁদের এই জনকল্যাণমূলক উদ্যোগের ফলে মাইনী নদীর দুই তীরের মানুষের যাতায়াত ব্যবস্থা এখন অনেকটাই সহজ হয়ে উঠেছে।
​সোমবার (১৬ নভেম্বর) উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের পাকুইজ্জাছড়ি লক্ষ্মীকুমার কার্বারি পাড়া এলাকায় মাইনী নদীর ওপর এই সাঁকোটি তৈরি করা হয়।
​দীঘিনালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাকিমুল হকের সার্বিক নির্দেশনায় এবং এপিসি মো. খোরশেদ আলমের নেতৃত্বে বেতছড়ি ১, ২ ও ৩ নম্বর প্লাটুনের সদস্যরা এ নির্মাণকাজে অংশ নেন। স্থানীয় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতায় নিজেদের কায়িক শ্রম ও সময় ব্যয় করে তাঁরা সাঁকোটির কাজ সম্পন্ন করেন।
​ভুক্তভোগী এলাকাবাসী জানান, নদী পারাপারের জন্য কোনো স্থায়ী বা উপযুক্ত ব্যবস্থা না থাকায় প্রতিদিনই তাঁদের চরম বিড়ম্বনায় পড়তে হতো। বিশেষ করে বর্ষাকালে নদীতে পানির স্রোত বেড়ে গেলে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হতো এবং জরুরি প্রয়োজনে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো। নতুন এই বাঁশের সাঁকোটি নির্মিত হওয়ায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষের যাতায়াতে দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে।
​উল্লেখ্য, দুর্গম পাহাড়ি জনপদের মানুষের জীবনমান উন্নয়নে হিল ভিডিপি সদস্যরা নিয়মিত বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজ করে যাচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কার, সামাজিক সচেতনতা সৃষ্টিসহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁদের সক্রিয় ভূমিকা রয়েছে। স্থানীয়দের মতে, দুর্গম এলাকায় এমন মানবিক উদ্যোগ প্রান্তিক মানুষের দৈনন্দিন জীবনে স্বস্তি ফেরানোর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *