
ডেস্ক রিপোর্ট :
আজ ০৬ ডিসেম্বর ২০২৩ তারিখ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পঞ্চবটী ও ধর্মগঞ্জ এলাকায় অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব বিকাশ চন্দ্র দাস। এসময় উপস্থিত ছিলেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আব্দুল জব্বার মন্ডল এবং নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সেলিমুজ্জামান।
অভিযানে দেখা যায় ফতুল্লার ধর্মগঞ্জে অবস্থিত শাহীন অ্যান্ড ব্রাদার্স নামক কোল্ড স্টোরেজে মাসুদুর রহমান ও তাইজুর নামক দুই জন ব্যক্তি প্রায় ৬ লক্ষ ডিম মজুদ করছেন৷ গত ২৩ নভেম্বর ২০২৩ তারিখ থেকে এসকল ডিম মজুদ করা শুরু হয়।
অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জনাব বিকাশ চন্দ্র দাস জানান, সরকার ডিমের আমদানির অনুমতি দেওয়ার পর থেকে ডিমের দাম কমতে শুরু করে। এরই মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী কোল্ড স্টোরেজে ডিম মজুদ করা শুরু করেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ অভিযান পরিচালিত হয়। এই অভিযানে ডিমের কৃত্রিম সংকট সৃষ্টির সত্যতার প্রমাণ পাওয়া যাচ্ছে।
অভিযানে অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব বিকাশ চন্দ্র দাস অধিদপ্তরের পক্ষ থেকে আজকের মধ্যে মজুদকৃত এসকল ডিম বাজারে সরবরাহের ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেয়। এর ব্যত্যয় হলে অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মজুদকৃত ডিম আগামীকাল বাজারে সরবরাহের ব্যবস্থা নিবেন মর্মে তিনি জানান।
তিনি বলেন, অসাধু ব্যবসায়ীদের এ অপচেষ্টা প্রতিরোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে। সারা দেশে কেউ ডিম মজুদ করার চেষ্টা করলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্যবস্থা নেবে। অসাধু ডিম ব্যবসীয়দের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।