রাত ৯:৩৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফে ‘পারিবারিক কলহের জেরে’ স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছে; ঘটনায় জড়িত অভিযোগে ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার মধ্যরাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া করাচি পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান, বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শুভরঞ্জন সাহা।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ঘাতক স্বামীকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

নিহত নুর বেগম (৪০) একই এলাকার আব্দুর রহিমের স্ত্রী।

গ্রেপ্তার হয়েছে নিহতের ঘাতক স্বামী আব্দুর রহিম ( ৫৫ )।

নিহতের স্বজনদের বরাতে শুভরঞ্জন সাহা বলেন, নুর বেগম ও তার স্বামী আব্দুর রহিমের মধ্যে দীর্ঘদিন পারিবারিক কলহ চলছে আসছিল। এর জেরে বুধবার মধ্যরাতে বাড়ীতে স্বামী ও স্ত্রীর মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। তর্কাতর্কির এক পর্যায়ে আব্দুর রহিম তার স্ত্রীকে উপর্যুপরি কয়েকটি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয়রা ছুরিকাহত নুর বেগমকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করে বলে জানান পুলিশের এ পরিদর্শক।

শুভরঞ্জন সাহা জানান, রাতে ঘটনার পরপরই জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করে। এক পর্যায়ে গভীর রাতে কচ্ছপিয়া এলাকা থেকে ঘাতক স্বামীকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার সকালে নিহতের বাবা আব্দুল খালেক বাদী হয়ে ঘাতক স্বামী আব্দুর রহিম প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *