
জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইলদীঘি গ্রামে বিমান বাহীনিতে চাকরীপ্রাপ্ত এক সদস্যর ভেরিভিকেশনের কথা বলে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই’র সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে যায় সাইফুল ইসলাম (৫৩) নামে এক ব্যক্তি। এ সময় তাকে দেখে সন্দেহ হলে পরিবারের লোকজন খবর দেয় কালাই থানার পুলিশকে। ততক্ষণে পরিবারের লোকজনের গতিবিধি বুঝে ভূয়া ডিজিএফআই’র পরিচয়দানকারী মাগরিবের নামাজ পড়ার কথা বলে তার ব্যবহারকৃত মোটরসাইকেল ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে না পেয়ে তার ব্যবহারকৃত রেখে যাওয়া মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা উপজেলার নান্দাইলদীঘি গ্রামে ঘটে।
আর প্রতারক নিজেই শুক্রবার বিকেলে মোটরসাইকেলের খোঁজে থানায় আসলে পুলিশ আগেরদিনের গ্রামবাসীর ধারনকৃত ভিডিও দেখে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে। এ তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারি।