
বিনোদন প্রতিবেদক : কারণে অকারণে বিভিন্ন সময়েই তিনি সমালোচিত – বিতর্কিত – নিন্দিত। বলা হচ্ছে ঢাকার চলচ্চিত্রের প্রায় বেকার নায়িকা পরীমণি’র কথা। এবার তার বিরুদ্ধে অভিযোগ ওঠেছে নারী গৃহকর্মী নির্যাতনের। জানা গেছে, এই ঘটনায় ভুক্তভোগী গৃহকর্মী পিংকি আক্তার ঢাকার ভাটারা থানায় সাধারণ ডায়েরি করেছেন। বৃহস্পতিবার (০৩ এপ্রিল) জিডি করেছেন পিংকি আক্তার।
এই বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম। তিনি জিডির বিষয় নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, চিত্রনায়িকা পরীমণি’র বাসার এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে ওই গৃহকর্মী থানায় একটি জিডি করেছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
তবে যার বিরুদ্ধে অভিযোগ ওঠেছে, সেই পরীমণি এই প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন। এই বিষয়ে জানতে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার সাড়া পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, পরীমণি নাকি বর্তমানে কলকাতায় অবস্থান করছেন।