
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার সাঙ্গু ব্রিজ সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন দোহাজারী পৌরসভার ২নং ওয়ার্ডের চাগাচর এলাকার পেঠান আলীর ছেলে মোরশেদ (২১) এবং ৪নং ওয়ার্ডের ঈদপুকুরিয়া এলাকার আব্দুস সালাম প্রকাশ শহিদের ছেলে মোহাম্মদ হৃদয় (২৩)।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে একটি ডাকাতদল সাঙ্গু ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোরশেদ ও হৃদয়কে আটক করে এবং তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে। বাকি সদস্যরা পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে চন্দনাইশ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে পূর্বেও মামলা রয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চন্দনাইশ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।