
বিনোদন ডেস্ক রিপোর্ট :
প্রথমবারের মতো ইশতিয়াক আহমেদের নির্দেশনায় কাজ করলেন আরশ খান ও তানিয়া বৃষ্টি। গানচিল ড্রামা অ্যান্ড সিনেমার ব্যানারে নির্মিত ‘শেষ পর্যন্ত তোমাকে চাই’ নাটকে দেখা যাবে তাদের। পরিচালনার পাশাপাশি এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন ইশতিয়াক নিজেই। প্রযোজনা করেছেন আসিফ ইকবাল। গল্পে দেখা যাবে, তানভীর ও শান্তার দীর্ঘদিনের প্রেম। শান্তার পরিবার থেকেও সবাই জানে বিষয়টি। সম্পর্কের এক পর্যায়ে সে পড়ালেখার জন্য বিদেশে যায়। এরপর থেকেই যোগাযোগ বন্ধ হয় তানভীরের সঙ্গে। বিদেশ থেকে ফিরে এসে শান্তা খোঁজ করে বের করে তাকে। কিন্তু এরই মাঝে ঘটে যায় অনেক কিছু। আরশ খান বলেন, ‘স্ক্রিপ্ট এবং গল্প ভালো হওয়ায় খুব শ্রম আর হৃদয় দিয়ে কাজটি করেছি। সবার ভালো লাগবে আশা করি।’ তানিয়া বৃষ্টি বলেন, ‘গল্পটি খুব ভালো। তাই সবাই মিলে একটা চমৎকার কাজ করার চেষ্টা করেছি।’ আরশ-তানিয়া ছাড়াও নাটকে আরও দেখা যাবে শাহেদ আলী সুজন, শেখ স্বপ্না, প্রিয়ন্তি গোমেজসহ আরও অনেককে। শিগগিরই গানচিল ড্রামা অ্যান্ড সিনেমার ইউটিউব চ্যানেলে ‘শেষ পর্যন্ত তোমাকে চাই’ অবমুক্ত করা হবে।