
অলিদুর রহমান অলি:
গাজীপুর সদর উপজেলার নয়নপুর আরপি গেইট এলাকার বারুইপাড়া মৌজায় জেলা প্রশাসকের এক নম্বর খতিয়ানভুক্ত শত কোটি টাকা মূল্যের সরকারি জমি দখলের অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক নয়া দিগন্ত-এর জয়দেবপুর প্রতিনিধি সাংবাদিক আব্দুল আজিজ।
জানা গেছে, গত ১০ জুন স্থানীয় এক ব্যক্তি সাংবাদিক আব্দুল আজিজকে ফোন করে অভিযোগ করেন যে, আরপি গেইট এলাকায় বনভূমি ও সরকারি জমিতে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, নির্মাণাধীন স্থাপনার একটি অংশ বন বিভাগের এবং অধিকাংশ অংশ জেলা প্রশাসকের এক নম্বর খতিয়ানভুক্ত জমির অন্তর্ভুক্ত বলে স্থানীয় সূত্রে জানা যায়।
বিষয়টি সংশ্লিষ্ট বন কর্মকর্তাকে জানানো হলে তিনি প্রাথমিকভাবে জমিটি বন বিভাগের নয় বলে জানান। তবে পাশেই বন বিভাগের দাগ থাকা সত্ত্বেও যথাযথ ডিমার্কেশন ছাড়াই বহুতল ভবন নির্মাণ চলছিল। পরে বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তার নজরে আনা হলে তিনি ব্যবস্থা গ্রহণ করে নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ করে দেন।
অভিযোগ রয়েছে, এরপর সংশ্লিষ্ট দখলদাররা সাংবাদিক আব্দুল আজিজকে বিভিন্নভাবে অবৈধ সুবিধা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তিনি তাতে সম্মত না হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
গতকাল ২৫ জুন দুপুরে অভিযুক্তদের পরিচয় ও ঠিকানা সংগ্রহের উদ্দেশ্যে ঘটনাস্থলে গেলে স্থানীয় ভূমিদস্যু হিসেবে অভিযুক্ত রাসেল তাকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ডেকে নিয়ে যায়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে ১০ থেকে ১৫ জনের একটি দল তাকে ঘিরে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে বলে অভিযোগ উঠেছে।
আরও অভিযোগ করা হয়েছে, হামলার পর সাংবাদিককে ফাঁসানোর উদ্দেশ্যে জোরপূর্বক তার পকেটে কিছু টাকা রেখে পুনরায় তা বের করে ভিডিও ধারণের মাধ্যমে মিথ্যা বক্তব্য দিতে চাপ সৃষ্টি করা হয়। তিনি এতে রাজি না হলে তাকে মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।
পথিমধ্যে সামনে সেনাবাহিনীর একটি চেকপোস্ট দেখতে পেয়ে জীবন বাঁচানোর তাগিদে তিনি চলন্ত মোটরসাইকেল থেকে লাফিয়ে নেমে দৌড়ে চেকপোস্টে আশ্রয় নেন। পরে সহকর্মী সাংবাদিকদের খবর দিলে তারা পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন এবং গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি ও গাজীপুর প্রেস ক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর অন্যতম সদস্য মো. দেলোয়ার হোসেন, ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাসস জেলা প্রতিনিধি মো. হেদায়েত উল্লাহ, টঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আলহাজ মো. মেরাজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. আজিজুল হক অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলি, সিনিয়র সহ-সভাপতি মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক শাহজাহান শোভন এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতা করতে গিয়ে কোনো সাংবাদিকের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয় এটি স্বাধীন গণমাধ্যম, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসনের ওপরও আঘাত। সংগঠনটি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। কারণ সত্যের পথে সাংবাদিকতা কখনোই সন্ত্রাস, ভয়ভীতি কিংবা হামলার কাছে পরাজিত হতে পারে না।