রাত ১২:৩৮ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলা ও অনাহারে আরও ৭১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে অনাহারে আরও আটজন মারা গেছেন, যার মধ্যে দুইজন শিশু। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইসরায়েলি সেনারা গাজা সিটির ভেতরে আরও গভীরে প্রবেশ করছে, যা শহরটি দখল ও প্রায় ১০ লাখ মানুষকে উচ্ছেদের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। আল জাজিরা অ্যারাবিক-এর পাওয়া ফুটেজে দেখা যায়, ইসরায়েলি ট্যাংক গাজা সিটির সাবরা এলাকায় প্রবেশ করছে, যা স্থল অভিযানের বিস্তৃতি নির্দেশ করে। সাবরার কাছাকাছি অবস্থিত জায়তুন পাড়া গত এক সপ্তাহ ধরে ইসরায়েলি বাহিনীর হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল। আল-আহলি হাসপাতালের সূত্র অনুযায়ী, সর্বশেষ বিমান হামলায় সাবরায় একজন শিশু নিহত হয়েছে। এর আগে, খান ইউনিসের আসদা এলাকায় বাস্তুচ্যুত পরিবারদের তাঁবুতে ইসরায়েলের হামলায় ছয় শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়।

গত একদিনে মানবিক সহায়তা নিতে গিয়ে অন্তত ২২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে একজন খান ইউনিসের একটি বিতরণ কেন্দ্রের কাছে এবং আরেকজন ইসরায়েল নিয়ন্ত্রিত নেটজারিম করিডরের কাছে গুলিতে নিহত হন।

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, অপুষ্টিজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে ২৮১ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১১৪ জন শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ বলেন, “ক্ষুধা নিঃশব্দে বেসামরিক মানুষের দেহকে ক্ষতবিক্ষত করছে, শিশুদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছে, আর প্রতিদিন তাঁবু ও হাসপাতালগুলোকে ট্র্যাজেডির দৃশ্যে পরিণত করছে।”

উল্লেখ্য, গত শুক্রবার জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে।


 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *