
জয়পুরহাট প্রতিনিধি :
মাছের খাবারের দাম বাড়ায় ও এর গুণগতমান নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় বিপুল পরিমান চাষ করেও লাভ করতে পারছেন না জয়পুরহাটের মাছ চাষীরা। গত কয়েকবছর ধরে এই জেলার পুকুর থেকে গড়ে উৎপাদন হচ্ছে নানা জাতের প্রায় সাড়ে ২৫ হাজার মেট্রিক টন মাছ। কিন্তু লোকসানের কারণে সংকটে রয়েছেন মাছ চাষীরা। স্থানীয় মৎস বিভাগ বলছে, মাছের খাবারের দাম নিয়ন্ত্রণে তাদের ভুমিকা রাখার সুযোগ নেই।
জয়পুরহাট জেলায় মাছ চাষের জন্য খাল, বিল আর নদী ছাড়াও সরকারি ও বেসরকারি প্রায় ২০ হাজার পুকুর রয়েছে। প্রতি বছর এসব পুকুর থেকে উৎপাদন হয় নানা জাতের প্রায় সাড়ে ২৫ হাজার মেট্রিকটন মাছ। আর এসব মাছের খাদ্য হিসাবে ব্যবহার করা হয় বিভিন্ন কোম্পানীর খাদ্য। কিন্তু এসব খাদ্যের দাম গত দেড় মাসে কয়েকদফা বেড়েছে। বাজারে কোন নজরদারি না থাকায়, ব্যবসায়ীরা ইচ্ছেমত দাম বাড়িয়ে থাকে বলে অভিযোগ করেছেন ক্রেতারা।
মাছ চাষীরা জানালেন, বাড়তি দামে মাছের খাবার কেনায় উৎপাদনে খরচ বেড়ে যাচ্ছে। ফলে লোকসানের মুখে পড়তে হচ্ছে। আবার এসব খাদ্যের মান নিয়েও প্রশ্ন তুলছেন অনেক চাষী।
জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, মাছের খাদ্যের মূল্য নিয়ন্ত্রণে তাদের এখতিয়ার নেই তবে খাদ্যের গুনগত মান নিয়ন্ত্রণে যথাযথ ভূমিকা পালন করছেন।
জেলার মাছ চাষীরা মনে করেন, মাছের খাদ্যের দাম এবং গুনগত মান নিয়ন্ত্রণে রাখলে কমবে উৎপাদন খরচ আর লাভবান হবেন তারা।