
বিনোদন রিপোর্টার:
ঈদে আসছে গোয়েন্দাগিরিখ্যাত চলচ্চিত্র পরিচালক নাসিম সাহনিকের নতুন চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ’। এটি একটি ট্রাভেল স্টোরি। করোনা পরবর্তী সময়ে রিফ্রেশমেন্টের জন্য কুয়াকাটায় বেড়াতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রুপকে নিয়ে এই চলচ্চিত্রের কাহিনী এগিয়ে যায়।
চলচ্চিত্রটিতে উঠে এসেছে করোনা পরবর্তী সময়ে মানুষের জীবনকে উপভোগ করার যে তাড়না, সেই বিষয়টি। জীবন যে মহামূল্যবান এই বোধটা সেই সময়ে মানুষের মাঝে বেশ জোড়ালোভাবে কাজ করেছে। মানুষের সেই আবেগটাই কুয়াকাটায় ঘুরতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এমনটাই জানালেন চলচ্চিত্রটির পরিচালক নাসিম সাহনিক। এই পরিচালক আরও জানান, প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে চলচ্চিত্রটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি দেয়ার।সেভাবেই চলচ্চিত্রটির পোস্ট প্রডাকশনের সকল ধরনের কাজ গুছিয়ে নেয়া হয়েছে। দুই একদিনের মধ্যে চলচ্চিত্রটি সেন্সরের জন্য জমা দেয়া হবে। যদি সময় মতো সেন্সর সার্টিফিকেট পাওয়া যায় তাহলে আসন্ন ঈদুল ফিতরে চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে।
আম্মাজান ফিল্মস প্রযোজিত চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা,কায়েস আরজু, কচি খন্দকার,তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া,মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, লাবনি লাকি,আফফান মিতুল,নাসিম সাহনিক প্রমুখ।