সন্ধ্যা ৬:২৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইধিকা-দর্শনা-ফারিয়া ঈদের ছবির ব্যর্থ নায়িকা!

বিনোদন ডেস্ক রিপোর্ট  : গেলো ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘চক্কর’, ‘জ্বীন-৩’ ও ‘অন্তরাত্মা’ নামের ছয়টি চলচ্চিত্র। এগুলোর মধ্যে দর্শকদের আগ্রহে রয়েছে বরবাদ, জংলি ও দাগি ছবি তিনটি। এই ছবি তিনটির তিন নায়িকার মধ্যে বুবলী ও তমা মির্জা দর্শকপ্রিয়তা পেয়েছেন। বাকি ছবির নায়িকারা খুব একটা সুবিধা করতে পারেননি। তাদের ছবি ব্যাবসায়িকভাবে ভরাডুবির পাশাপাশি, তাদের অপরিপক্ব অভিনয় তাদের ক্যারিয়ারকে শঙ্কায় নিয়ে দাঁড় করিয়েছে। এদের তিনজন হচ্ছেন বরবাদ ছবির নায়িকা ইধিকা পাল (কলকাতা), অন্তরাত্মা’র দর্শনা বণিক (কলকাতা) ও জ্বীন-৩’র নুসরাত ফারিয়া।

ঈদে সবচেয়ে বেশি সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া বরবাদ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। কলকাতার এই অভিনেত্রীর ক্যারিয়ার শুরুই হয়েছে মাত্র দুই বছর আগে। সেটাও শাকিব খানের সঙ্গে ঢাকার ছবি ‘প্রিয়তমা’ দিয়ে। সেসময় খানিকটা উতরে গেলেও, ক্যারিয়ারের তৃতীয় ছবিতে তার অপরিপক্ষ ও অভিনয় এবার দর্শক একেবারেই গ্রহণ করেনি। তার অভিনয়ের বেশ সুযোগ থাকা সত্ত্বেও ইধিকা সেটা ব্যবহার করতে পারেননি। এছাড়াও তার উচ্চারণগত (কলকাতার টান) সমস্যাও দর্শকদের বিরক্তির কারণ হয়েছে বলে দর্শকরা জানিয়েছেন।

শাকিব খান অভিনীত ঈদের আরেক ছবি অন্তরাত্মায় অভিনয় করেছেন কলকাতার দর্শনা বণিক। এই অভিনেত্রীও সুবিধা করতে পারলেন না। কারণ ছবিটি ঈদে মুক্তি পেলেও, সেভাবে শো পায়নি। যেকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সেখানেও ছবিটির ব্যাপক ভরাডুবি ঘটেছে। দর্শক খরায় প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে ফেলা হয় এটি।ছবিতে দর্শনা’র অভিনয়ও তেমন ছাপ রাখতে পারেনি। ছবিটি একেবারেই মুখ থুবড়ে পড়েছে।

ঈদের আরেকটি ছবি আব্দুন নূর সজল ও নুসরাত ফারিয়া অভিনীত জ্বীন ৩। মুক্তির আগে এই ছবির গান বেশ আলোচনায় ছিল। ধারণা করা হয়েছিল ছবিটি সাড়া ফেলবে। কিন্তু ঘটেছে উল্টো। মুক্তির পর দর্শক অনাগ্রহই বেশি ছিল ছবিটি ঘিরে। নুসরাত ফারিয়া’র অতিরঞ্জিত অভিনয় নিয়েও বেশ সমালোচনা হয়। পুরো ছবিতেই তিনি চরিত্রে প্রবেশ করতে চরম ব্যর্থ। বলা যায়, ছবির ব্যর্থতার পাশাপাশি অভিনয়েও ব্যর্থ হয়েছেন নুসরাত ফারিয়া। ঈদে আলোচিত সব নায়িকাদের সঙ্গে তার অভিনীত ছবিটি মুক্তি পাওয়াও চ্যালেঞ্জ ছিল তার কাছে। তাইতো অবশেষে ফলাফল শুণ্য। এবারই প্রথম ঈদের ছবির নায়িকা হয়ে প্রেক্ষাগৃহে এসেছিলেন, অবশেষে ব্যর্থতার স্বাদ নিয়ে প্রেক্ষাগৃহের বাইরে চলে যেতে হয়েছে তাকে।

এদিকে এ তিন নায়িকা ব্যর্থ হলেও, দেশীয় অন্য নায়িকারা দাপট দেখাচ্ছেন প্রেক্ষাগৃহে। বলা যায়, এবার ঈদের ছবির চালিকাশক্তিই এসব নায়িকা। দর্শক ভালোবাসায় বুবলী, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল রয়েছেন বেশ ফুরফুরে মেজাজে। এই তিন নায়িকা অভিনয় করেছেন দুই ছবিতে।দাগি’তে রয়েছেন তমা মির্জা ও সুনেরাহ, জংলি’তে বুবলী। যদিও জংলি ছবিতে একটি গুরুত্বহীন চরিত্রে অভিনয় করে সমালোচিত হয়েছেন দীঘি। কিন্তু সুনেরাহ দীঘি’র মতোই অল্প সময়ের জন্য পর্দায় হাজির হলেও দর্শক মনে দাগ কাটতে সক্ষম হয়েছেন। কিন্তু দীঘি হয়েছেন ব্যর্থ।

এদিকে তমা মির্জা ও বুবলী তাদের অভিনীত দুই ছবির চালকের আসনে। ঈদ পরবর্তী দুই সপ্তাহ পরও প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছে তাদের অভিনীত ছবি দু’টি। বাড়ছে জংলি ছবির শো এর সংখ্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *